‘এডে এর আগেও বউত সাংবাদিক আইয়ারে কত ছবিটবি ক্যাচ কইরছে, তবু কোনো কাজ অয় ন। এসব আর লেখি কি অইবো।’ বেড়িবাঁধ নিয়ে এভাবে নিজের ক্ষোভের কথা জানান সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর গ্রামের চাষি নুর নবী। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে প্রচণ্ড জোয়ারের তোড়ে ভেসে যায় এলাকার বেড়িবাঁধ। এরপর বিশাল এলাকায় স্থায়ীভাবে আর কোনো বাঁধ তৈরি হয়নি। এ নিয়ে লেখালেখি এবং এলাকাবাসীর দাবির পর প্রায় ২২ বছর পেরিয়ে গেছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি এখনো। শুধু বাঁশবাড়িয়াই নয়, সীতাকুণ্ডের কুমিরা, সোনাইছড়ি প্রভৃতি ইউনিয়নের বিভিন্ন উপকূলীয় এলাকায়ও একই অবস্থা বিরাজ করছে। ৪৮ হাজার ৩৯৬ বর্গকিলোমিটার আয়তনের সীতাকুণ্ডে বেড়িবাঁধের আওতায় রয়েছে ২৬ কিলোমিটার এলাকা। কিন্তু এর কোথাও কোনো বেড়িবাঁধ নেই। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি আলোচিত হয়েছে। এ ছাড়া আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি।’সীতাকুণ্ডের বিভিন্ন উপকূলীয় এলাকা ঘুরে দেখা যায়, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানুষ। অনাবাদি পড়ে আছে এসব এলাকার কয়েক হাজার একর জমি। কারণ, বেড়িবাঁধ না থাকায় সরাসরি সাগরের লোনা পানি ঢুকে পড়ে জমিতে। এর পরও কেউ কেউ ফসল ফলানোর চেষ্টা করছেন। এসব জমিতে মরিচ এবং ডালজাতীয় ফসলের চাষ করা হয়। কিন্তু এতে খরচের পরিমাণও বেড়ে যায়। সে হিসেবে কোনো লাভই থাকে না। আকিলপুরের নুর নবী জানান, ২০০০ সালে যেখানে এক কানি (৪০ শতক) জমিতে চাষ করতে খরচ হতো ৬০০ টাকা, এখন সেখানে প্রায় এক হাজার টাকা খরচ করতে হয়। কিন্তু এর পরও ফলন ভালো হবে, এমন কোনো নিশ্চয়তা নেই বলে জানান তিনি। কুমিরার ঘাটঘর জেলেপাড়া এলাকার বাসুদেব দাশ জানান, ‘আমরা মরা-বাঁচার মাঝখানে বসবাস করছি। আমাদের খবর রাখার কেউ নেই।’ উপকূলীয় এলাকার বিভিন্ন বেড়িবাঁধ এলাকায় ১৯৯১ সালের পর বসানো পাথরের স্ল্যাবগুলো এখন মাটিতে মিশে আছে। স্লুইসগেটের কাঠামো আছে, কিন্তু এর কোনো অস্তিত্ব নেই। গেট চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এমনই অভিযোগ এলাকাবাসীর। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া বলেন, ‘সীতাকুণ্ড উপকূলে বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’ বেহাল স্লুইসগেট সম্পর্কে বলেন, ‘আমরা এগুলো খুব দ্রুত নির্মাণ করে দেব।’