'সাংবাদিক এসেছে ব্যালট ফেরত দিন'
বেলা সাড়ে ১১টা। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের কৃঞ্চগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে তিনজন নারী ভোটার দাঁড়িয়ে। পোলিং কর্মকর্তা ব্যালট পেপার ছিঁড়ে তাঁদের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে গেলেন এক যুবক। ব্যালটে সিল মারবেন, এমন সময় এই প্রতিবেদককে দেখতে পান পোলিং কর্মকর্তা। সঙ্গে সঙ্গে চিৎকার, ‘এই, সাংবাদিক এসেছে, ব্যালটগুলো ফেরত দিন।’ যুবক দ্রুত ওই তিন নারীকে ব্যালট ফেরত দেন। একই সঙ্গে এ-ও বললেন, ভোট যেন দোয়াত-কলম প্রতীকে পড়ে। এই প্রতীক হলো সরকার-সমর্থক প্রার্থী মোজাম্মেল হকের।
ওই যুবক নিজেকে ছাত্রলীগের নেতা বলে পরিচয় দেন। নাম বললেন কবীর। ব্যালটে সিল মারছেন কেন জিজ্ঞেস করলে কবীরের জবাব, ‘মহিলারা ঠিকভাবে সিল মারতে পারে না। এ জন্যই মেরে দিচ্ছিলাম। বোঝেনই তো, মন্ত্রীর এলাকা।’
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই এলাকার সাংসদ। এখানে আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক মন্ত্রীর আশীর্বাদপুষ্ট। তাঁর পক্ষে নির্বাচনী প্রচারও চালান মন্ত্রীর ছেলে তানভীর শাকিল।
কাজীপুর উপজেলায় ১১৪টি ভোটকেন্দ্রের মধ্যে প্রথম আলোর দুজন প্রতিবেদক ১৫টি কেন্দ্র ঘুরে দেখেছেন। সবগুলোতেই বহিরাগতরা ভোটারদের কাছ থেকে ব্যালট নিয়ে মোজ্জাম্মেলের প্রতীকে সিল মারছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই প্রতিবেদক তিনটি কেন্দ্রে এমন দৃশ্য দেখেছেন। বাকি ১২টি কেন্দ্রে পৌঁছার সঙ্গে সঙ্গে খবর রটে যায়, ‘সাংবাদিক আসছে’। তখন বহিরাগতদের দ্রুত বুথ থেকে সটকে পড়তে দেখা গেছে। বেশির ভাগ কেন্দ্রেই সরকারি দল-সমর্থিত প্রার্থীর ছাড়া অন্যদের পোলিং এজেন্ট ছিল না। বেলা একটা পর্যন্ত ভোটার উপস্থিতিও ছিল অনেক কম।
কৃঞ্চগোবিন্দ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার তিন হাজার ৫৫ জন। সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়ে সাত শর কম। এই কেন্দ্রের প্রতিটি বুথেই সরকার-সমর্থক একাধিক ব্যক্তির উপস্থিতি চোখে পড়ে। তাঁরা ভোটারদের দোয়াত-কলম প্রতীকে ভোট দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছিলেন। অবশ্য কয়েকজন ভোটার অভিযোগ করেন, সাংবাদিকের উপস্থিতির খবর জানাজানি হওয়ায় এসব ব্যক্তি নিজেরা সিল মারা বন্ধ করে মুখে পরামর্শ দিচ্ছেন।
কিন্তু এসব অনিয়ম-অভিযোগ অস্বীকার করেন প্রিসাইডিং কর্মকর্তা আবদুস সালাম খান। তিনি দাবি করেন, যাঁর যাঁর ভোট সে-ই দিচ্ছেন। কারও পক্ষে জাল ভোট বা প্রভাবিত করার কোনো সুযোগ নেই।
এই উপজেলায় চেয়ারম্যান পদে অপর দুই প্রার্থী হলেন বিএনপি-সমর্থিত রবিউল হাসান ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ আবুল কালাম আজাদ। তাঁরা বিভিন্ন অভিযোগ তুলে দুপুর ১২টার মধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
আবুল কালাম আজাদ বলেন, সকাল নয়টা পর্যন্ত ভোট ঠিকভাবে হয়েছে। এরপর সরকার-সমর্থক প্রার্থী কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেন। আর রবিউল হাসানের অভিযোগ, প্রশাসনের ছত্রচ্ছায়ায় ভোট কারচুপি করা হয়েছে।
বিয়াড়া উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে ১০টায় দেখা যায়, একটি বুথে লাবনী খাতুন ও রেহানা পারভীন প্রকাশ্যে একের পর এক ব্যালটে সিল মেরে বাক্সে ভরছিলেন। তাঁদের একজন চেয়ারম্যান পদপ্রার্থীর, আরেকজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্ট বলে জানান।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী আজম বলেন, কোথাও কোনো অসুবিধা থাকলে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ করতে হয়। ওই ‘চ্যানেলে’ তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি।