'সাংবাদিকতার ধরন বদলাতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির যুগে সংবাদপত্রকে টেলিভিশন ও অনলাইনের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হলে সাংবাদিকতার ধরন বদলাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল আহসান বলেন, একটি খুনের ঘটনা ঘটলে ২৪টি টিভি চ্যানেল ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৪০ বার খবর সম্প্রচার করে। পরদিন পত্রিকার পাতা খুলে পাঠক আর সেই পুরোনো খবর পড়তে চাইবে না। এ জন্য পত্রিকাকে নতুন ধারায় সাংবাদিকতা করতে হবে। অর্থনীতির প্রচণ্ড চাপের মুখে পত্রিকাকে টিকে থাকতে হলে অনুসন্ধানী, বিশ্লেষণধর্মী সাংবাদিকতার দিকে যেতে হবে।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি এজাজ ইউসুফী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক প্রমুখ। দুই দিনব্যাপী এ সম্মেলনে গতকাল সন্ধ্যায় দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা।