'সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ' কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ শীর্ষক তরুণ সাংবাদিকদের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার শুরু হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর। পিআইবি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মশালার সমন্বয়ক রাফিজা রহমান।
গতকাল প্রথম দিনে তিন পর্বের কর্মশালায় প্রশিক্ষণ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, চট্টগ্রামের স্থানীয় দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর নগর সম্পাদক এম নাসিরুল হক ও প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদ।
এদিকে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা গতকাল সোমবার শেষ হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে কর্মশালার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।