'সাংবাদিকদের জীবন এত ঠুনকো আগে বুঝিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুষ্কৃতকারীদের হাতে

নিহত সাগর-রুনি
নিহত সাগর-রুনি

সাংবাদিক সাগর সরওয়ারের মা সালেহা মনির বলেছেন, ‘সাংবাদিকদের জীবন যে এত ঠুনকো, তা আগে বুঝিনি। বুঝলে সাগর-রুনিকে আমরা এ পেশায় থাকতে দিতাম না।’
গতকাল সোমবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত আলোচনা সভায় সালেহা মনির এ কথা বলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁদের কী অপরাধ? এখনো তাঁদের হত্যার বিচার হচ্ছে না কেন? এ বিচার হতে বাধা কোথায়?
সাগর-রুনি হত্যাকারীদের বিচারের দাবিতে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সালেহা মনির বলেন, ‘মৃত্যুর আগে এ খুনের বিচার দেখে যেতে চাই।’
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি।
সভাপতির বক্তব্যে ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরী এক সপ্তাহের মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। অন্যথায় পদত্যাগ করতে বলেন।
অন্যদের মধ্যে ডিআরইউর সহসভাপতি এ বি এম জিয়াউল কবির, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ বক্তব্য দেন। পরে ডিআরইউর ভিআইপি মিলনায়তনের নাম ‘সাগর-রুনি মিলনায়তন’ করা হয়। মিলনায়তনের উদ্বোধন করেন সালেহা মনির ও রুনির মা নুরুন নাহার মির্জা।