'সাংবাদিকের আচরণ সন্দেহজনক ছিল'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের দেরি করে আসার অভিযোগের তথ্য অনুসন্ধানে যাওয়ায় এক সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনার সংবাদের প্রতিবাদ জানিয়েছে অফিসার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির বক্তব্য, সাংবাদিকের আচরণ অসৌজন্যমূলক ও সন্দেহজনক ছিল। এ ছাড়া বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র থাকে, তাই একজন কর্মকর্তা তাঁকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে যেতে অনুরোধ করে সেখানে নিয়ে যান।
আজ বুধবার উপাচার্যের কার্যালয়ের ই-মেইল ঠিকানা থেকে সাংবাদিকদের পাঠানো এক প্রতিবাদপত্রে এই দাবি করা হয়। প্রতিবাদপত্রে অফিসার্স অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মুহাম্মদ আহসানুল কবিরের স্বাক্ষর রয়েছে।
গত রোববার দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কবিরুল ইসলামকে লাঞ্ছিত করা হয়। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আহসানুল কবিরও একজন। অন্যরা হলেন সেকশন অফিসার মো. নিজাম উদ্দিন ও রেজিস্ট্রারের ব্যক্তিগত সহকারী শেখ মো. গিয়াস উদ্দিন। এ সময় তাঁরা নিজেদের ছাত্রলীগের সাবেক নেতার পরিচয় দেন।
অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কর্মকর্তারা দায়িত্ব পালনে যথেষ্ট সচেতন। ওই সাংবাদিক রেজিস্ট্রারের কার্যালয়ের বিভিন্ন শাখায় পরিচয় না দিয়েই ভিডিও করতে থাকেন। একজন কর্মকর্তাকে কেন দেরি করে এসেছেন, সে জন্য জেরা করেন। পরে নিজের পরিচয় দেন। সাংবাদিকের আচরণ অসৌজন্যমূলক ও সন্দেহজনক হওয়ায় এবং বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র থাকে বিধায় একজন কর্মকর্তা তাঁকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে যেতে অনুরোধ করে সেখানে নিয়ে যান।
ওই দিনের ঘটনা নিয়ে সাংবাদিক কবিরুল ইসলামের অভিযোগ ছিল, তাঁর কাছে প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত দেরি করে অফিসে আসার অভিযোগ ছিল। সপ্তাহে দুই দিন বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণার পর থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের অফিস করার কথা। তিনি এ বিষয়ে তথ্য অনুসন্ধানে সকাল সাড়ে নয়টার দিকে ২০৬ নম্বর কক্ষে যান। ওই কক্ষে নিজাম ও আহসানুল কবিরের বসার চেয়ার-টেবিল থাকলেও তাঁরা সেখানে ছিলেন না। সেখান থেকে কয়েকজনের সঙ্গে কথা বলে তিনি চলে যান। অন্য একটি কক্ষ ঘুরে ফেরার সময় নিজাম, আহসানুল ও গিয়াস উদ্দিন তাঁর পথরোধ করে এখানে আসার কারণ যানতে চান। নিজেদের ছাত্রলীগের সাবেক নেতা পরিচয় দিয়ে তাঁর কলার ধরে তাঁদের বিরুদ্ধে নিউজ করার সাহস কে দিয়েছে তা জানতে চান। মোবাইল কেড়ে নেন। তাঁকে ধরে রেজিস্ট্রারের কক্ষে নিয়ে যান। সেখানেও এভাবে সংবাদ সংগ্রহ করতে তাঁকে নিষেধ করা হয়।
খবর পেয়ে অন্য সংবাদকর্মীরা প্রশাসনিক ভবনে গিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করে ঘটনার বিচার দাবি করেন। কবিরুল লিখিতভাবে উপাচার্যের কাছে অভিযোগ করেন। বিচারের বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান তাঁদের আশ্বস্ত করেন।
দেরি করে অফিসে আসার বিষয়টি স্বীকার করে নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেছিলেন, ‘সাংবাদিক কক্ষে ঢুকে নিজের পরিচয় না দিয়েই ছবি তুলতে শুরু করেন। কক্ষের অন্য কর্মকর্তারা জানতে চাইলে পরে পরিচয় দিয়েই সেখান থেকে চলে যান। আমি কিছুক্ষণ পরে এসে ঘটনা শুনে তাঁকে খুঁজে বের করে এর কারণ জানতে চাই। তবে কলার ধরা বা মুঠোফোন কেড়ে নেওয়ার বিষয়গুলো বানানো।’