‘সাংবাদিকেরা টাকার কাছে বিক্রি হয়!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের কিছু সাংবাদিক মাফিয়া ডন। তাদের টাকা দিলেই যে কারও বিপক্ষে সংবাদ লিখে। এ জন্যই কয়েক দিন পরপর মার খায়। এমন ১০০ প্রমাণ তাঁর কাছে আছে।’ গতকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘গণতন্ত্র ও গণমাধ্যম: সংবাদকর্মীর ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অর্ধযুগপূর্তি অনুষ্ঠান উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।উপাচার্য বলেন, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন দুই ঘণ্টা অবরোধ থাকার পর শিক্ষার্থীদের হাতে উপাচার্য লাঞ্ছিত হওয়ার ঘটনা ছিল সম্পূর্ণ মিথ্যা। প্রথম আলোর অনলাইন সংস্করণে এই খবর প্রকাশিত হয়েছিল। এ ছাড়া সাংবাদিকেরা গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন করেন। সেমিনারের প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিশ্বজিৎ দাসকে হত্যার পর দেশের সব গণমাধ্যম লাগাতার প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু কিছুদিন আগে জামায়াত-শিবিরের ডাকা হরতালে চলন্ত বাসে আগুন দিয়ে এক ব্যাংকারকে হত্যা করা হলেও তার প্রতিবেদন জাতির সামনে গুরুত্বসহ উপস্থাপন করেনি গণমাধ্যম।হাছান মাহমুদ বলেন, দেশের কোনো সংবাদপত্র যদি অসত্য সংবাদ পরিবেশন করে, তাহলে তাকে জরিমানা করা দরকার। তবে এ ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা অবশ্যই দরকার। আর সে জন্যই একটি নীতিমালা থাকা উচিত।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম একটি অন্যটির পরিপূরক। সমাজে গণতন্ত্রচর্চা না থাকলে মানুষ বসবাস করতে পারে না। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাত্তর টেলিভিশনের পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা। সঞ্চালনা করেন বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মিঠুন মোস্তাফিজ। সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সোলাইমান সালমান, সাধারণ সম্পাদক জসীম রেজা, শাখা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। এর আগে সকালে উপাচার্য অর্ধযুগপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন।