'সাংবিধানিকভাবে জিইয়ে রেখে সাম্প্রদায়িকতা শেষ করা যাবে না'
সাংবিধানিকভাবে সাম্প্রদায়িকতা জিইয়ে রেখে সাম্প্রদায়িকতা শেষ করা যাবে না। পঞ্চম সংশোধনীতে সাম্প্রদায়িকতাকে বৈধতা দেওয়া হয়েছে। এবার মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষের সব শক্তি সাম্প্রদায়িকতার সঙ্গে যুক্ত হয়েছে। একাত্তরে যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, রাষ্ট্র আজ মুক্তিযুদ্ধের সেই চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অসমাপ্ত মুক্তিযুদ্ধ শেষ করা ছাড়া এ পরিস্থিতি থেকে উত্তরণের কোনো রাস্তা নেই।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ নগরের ২ নম্বর রেলগেট এলাকায় সৈয়দ আলী চেম্বারের সামনে গতকাল শুক্রবার বিকেলে এ সমাবেশ হয়। সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এ আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ সমাবেশে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন আহমেদ প্রমুখ।
হালিম আজাদ বলেন, মুক্তিযুদ্ধের পরাজয়ের গ্লানি মোছার জন্য জামায়াত দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা চালিয়েছে।