‘সাংসদ বলে দিলে মামলা নেব’
সাইফুল হক মোল্লা, কিশোরগঞ্জ:aকিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের আটারবাড়িয়া গ্রামের কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. সফির উদ্দিনের নির্দেশে চিহ্নিত ১৫ সন্ত্রাসী গত ১৩ মে বিকেলে ওই গ্রামের চামড়া ব্যবসায়ী আহম্মদ আলীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ওই বাড়ির ২০টি গাছের আম-কাঁঠাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ ওঠে। যাওয়ার সময় তারা আহম্মদ আলীকে বলে যায়, বাড়িতে স্ত্রী, সন্তান নিয়ে শান্তিতে থাকতে চাইলে দুই লাখ টাকা দিতে হবে। এ ঘটনার পর আহম্মদ আলী স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। আহম্মদ আলী ১৫ জন চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে ১৪ মে নিকলী থানায় মামলা করতে যান। কিন্তু নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম অভিযোগ গ্রহণ না করে আহম্মদ আলীকে বলেন, ‘এরা আওয়ামী লীগের সমর্থক। এই দলের স্থানীয় সাংসদ আফজাল হোসেন না বললে মামলা নেওয়া যাবে না।’ অভিযোগ আছে, এর আগে ২ মার্চ ওই সন্ত্রাসীরা আহম্মদের বাড়িতে হামলা করে নগদ টাকা, জুতা তৈরির চামড়াসহ দুই লাখ টাকার মালামাল লুটে নেয়।আহম্মদ আলী দুই দিন থানায় মামলা করতে গিয়ে একই কথা শুনে ফিরে আসেন। পরে তিনি গত মঙ্গলবার ও গতকাল বুধবার নিকলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কারার গিয়াস উদ্দিন, উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদকে নিয়ে থানার ওসির সঙ্গে দেখা করে মামলাটি গ্রহণ করার অনুরোধ করেন। ওসি আবারও বলেন, ‘সাংসদকে বলুন, তিনি বলে দিলে আমি মামলা নেব।’ পরে তাঁরা ক্ষোভ প্রকাশ করে থানা থেকে চলে যান। কারার গিয়াস উদ্দিন বলেন, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের পরও পুলিশ মামলা নেয়নি। এটি দুঃখজনক। এর ফলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি জনগণের আস্থা থাকবে না। আহম্মদ আলী বলেন, ‘ওসি মামলা নেননি। আতঙ্কে আমি পরিবার-পরিজন নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি।’ ওসি এ কে এম মাহবুবুল আলমের কাছে এ ব্যাপারে জানতে চাইলে দীর্ঘক্ষণ চুপ থেকে তিনি বলেন, তদন্ত করে মামলাটি নেওয়া হবে।মো. সফির উদ্দিন বলেন, ‘স্বাধীনতার পর থেকে আমি এই এলাকায় নেতৃত্ব দিচ্ছি। ক্ষমতাসীন দলের বড় বড় নেতা আমার লোক। মামলা করে কোনো লাভ হবে না।’ সাংসদ আফজাল হোসেনের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘পুলিশ কর্মকর্তারা টাকা-পয়সা নিয়ে আমাদের কথা বলে মানুষকে বিভ্রান্ত করেন। আমি ঢাকায় রয়েছি। এলাকায় ফিরে বিষয়টি দেখব।’