'সাংসদের জনসভা ঠেকাতে' গাছ কেটে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ একরামুল করিম চৌধুরীর নোয়াখালীর হাতিয়ায় যাওয়া ও জনসভা ঠেকাতে সরকারি গাছ কেটে সড়কে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ নিয়ে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে হাতিয়া পৌর এলাকায় গতকাল শনিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্যাহ বলেন, ‘নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুলকে আগামী সংসদ নির্বাচনে হাতিয়া আসনে মনোনয়ন দেওয়ার জন্য দলের কাছে প্রস্তাব করায় জেলা কমিটির সহসভাপতি মোহাম্মদ আলী লোকজন দিয়ে সরকারি গাছ কেটে সড়ক অবরোধ করেন।’
এ অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আলী বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে এর সঙ্গে আমার নাম জড়ানো হচ্ছে।’ তিনি বলেন, বিগত পাঁচ বছরে কিছু ব্যক্তির ক্ষমতার দাপটে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরাই রাস্তায় নেমে এসেছেন বলে তিনি শুনেছেন।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের মতবিনিময় সভায় হাতিয়ার নেতারা নোয়াখালী-৫ (হাতিয়া) আসনে দলীয় মনোনয়নের জন্য নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর নাম প্রস্তাব করেন। এরপর গতকাল হাতিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিমের বক্তব্য দেওয়ার কথা। এ নিয়ে শহীদ মিনার চত্বরকে সাজানো হয় নতুনভাবে। বিভিন্ন স্থানে তৈরি করা হয় কমপক্ষে ২০টি তোরণ।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে সাংসদ একরামুলের জেলা শহর থেকে সড়কপথে হাতিয়ার বয়ারচরের চেয়ারম্যানঘাটে আসার কথা। পরে সেখান থেকে নৌ ও সড়কপথে তাঁর উপজেলা সদরে যাওয়ার কথা ছিল। কিন্তু গত শুক্রবার রাতে বয়ারচরের স্টিমারঘাট থেকে চেয়ারম্যানঘাট এবং নলচিরা ও তমরুদ্দীঘাট থেকে ওছখালি পর্যন্ত বিভিন্ন সড়কে অসংখ্য গাছ কেটে সড়ক অবরোধ করা হয়।
পুলিশ সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন ভারপ্রাপ্ত ইউএনও ওয়ালিউর হাছান। এরপর সাংসদ একরামুল করিমসহ দলীয় নেতারা যাত্রা বাতিল করেন। পুলিশ জানায়, এই ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে হাতিয়া থানার ওসি খোরশেদ আলমকে প্রত্যাহার করা হয়েছে।