'সাংসদের দেখা মেলা ভার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম এরশাদ
এইচ এম এরশাদ

‘আমাদের কপাল মন্দ। সেই ১৯৯১ সাল থেকে আমরা যাঁকেই ভোট দিয়ে সাংসদ নির্বাচিত করেছি, এলাকায় তাঁকে পাই না। মাঝেমধ্যে এলাকায় এলেও তিনি দলীয় নেতা-কর্মীবেষ্টিত থেকেছেন। এখানকার উন্নয়নে দৃশ্যমান তেমন অগ্রগতি নেই বললেই চলে।’ আক্ষেপের সঙ্গে কথাগুলো বলছিলেন রংপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মকসুদার রহমান মুকুল। শুধু তাঁর কণ্ঠেই নয়, রংপুর সদরের অনেক ভোটারের মধ্যেই এই আক্ষেপ রয়েছে।
১৯৯১ সালের পর রংপুর-৩ (সদর) আসন থেকে কখনো জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, কখনো তাঁর স্ত্রী রওশন এরশাদ, আবার কখনো এরশাদের ছোট ভাই জি এম কাদের সাংসদ
হয়েছেন। বর্তমানে এ আসনের সাংসদ এরশাদ। এখানে এবারও মহাজোটের প্রার্থী হয়েছেন এরশাদ। মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন
ও রিটা রহমানও দলীয় মনোনয়নপ্রত্যাশী। আর ইসলামী আন্দোলনের মনোনয়নপ্রত্যাশী আমিরুজ্জামান পিয়াল।
রংপুর শহরের ব্যস্ততম কাছারি বাজার এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারের আশা-প্রত্যাশা নিয়ে গতকাল বুধবার কথা হয় অনেকের সঙ্গে। সেখানে সবার ভাষ্য, রংপুরে ভোটের তেমন হাওয়া নেই। এ আসনটি এরশাদের এলাকা। অন্য প্রার্থীর তেমন প্রচারণা নেই।
ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহণের পর ফলাফল যেন কেন্দ্রেই ঘোষণা করা হয়। পোলিং এজেন্টের কাছে যেন ফলাফলের কপি দেওয়া হয়। এসব কার্যক্রম তদারকে যেন সব রাজনৈতিক দলের নেতা-কর্মীরা কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত থাকেন।
রংপুরের লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাশ্বত ভট্টাচার্য সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আশাবাদ ব্যক্ত
করে বলেন, ‘গণতন্ত্রের পূর্বশর্তই হলো সুষ্ঠু নির্বাচন। জনগণ যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এমনটিই প্রত্যাশা আমার।’ সাংস্কৃতিক সংগঠক আনোয়ার রুশো বলেন, রংপুরের নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ নেই। কেননা, সেই ১৯৯১ সাল থেকে এ আসনে জাতীয় পার্টির সাংসদ। রংপুর সদরে উন্নয়নের ক্ষেত্রে তাঁদের ভূমিকা নেই বললেই চলে।
এর আগে গত সোমবার সন্ধ্যার পর টাউন হল চত্বরে সাংস্কৃতিক কর্মী, সংগঠক, বিশিষ্টজনদের
ছোট ছোট আড্ডায় এ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা কথা হয়। কবি ও সাহিত্যিক নাসিরুল ইসলাম বলেন, ‘অবশ্যই একজন ভালো লোককে ভোট দেব। কিন্তু এই ভোট দিয়েই বা আমাদের কী লাভ! এ আসনে সাধারণ জনগণ সাংসদের নাগাল পান না।’
একটি বেসরকারি কলেজের শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁর কলেজের যাবতীয় কাজকর্মের জন্য সাংসদের স্বাক্ষর লাগে। সেই স্বাক্ষর নিতে ঢাকায় যেতে হয়। তাহলে সাংসদ নির্বাচিত করে কী লাভ হলো? চিকিৎসক মফিজুল ইসলাম প্রশ্ন রাখেন, ‘সাধারণ মানুষ যদি সাংসদকে এলাকায় না পায়, দাবিদাওয়ার কথা কার কাছে জানাবে?’