‘সাংসদের নির্দেশ নেই, যোগদান করা যাবে না’
‘সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদের নির্দেশ নেই, তাই শূন্য পদে যোগদান করা যাবে না।’ সাফ এ কথা বলে সহকারী প্রধান শিক্ষকের শূন্য পদে যোগ দিতে আসা এক শিক্ষককে ফিরিয়ে দিয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি রওশন আরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।স্থানীয় সূত্রের বর্ণনা অনুযায়ী, বিদ্যালয়টিতে ১০ জন শিক্ষক রয়েছেন। ছাত্রীর সংখ্যা পাঁচ শতাধিক। প্রায় এক যুগ ধরে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ তিনটি পদ শূন্য আছে। সহকারী শিক্ষক নাজমা আক্তার প্রায় ছয় বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।এলাকাবাসীর অভিযোগ, সরকারি পরিপত্র অনুযায়ী নাজমা আক্তার নিয়োগ কমিটিতে মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এই সুযোগে তিনি ভর্তিসহ নানা ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি করছেন। এ কারণেই সাংসদের দোহাই দিয়ে বিদ্যালয়ের শূন্য পদে কাউকে যোগদান করতে দিচ্ছেন না। এর আগেও অন্তত সাতজন শিক্ষক এখানে যোগ দিতে আসেন। তাঁদেরও যোগদান করতে দেওয়া হয়নি। সর্বশেষ ১৭ জানুয়ারি কিশোরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় থেকে বদলি হয়ে আসেন সহকারী প্রধান শিক্ষক নির্মল দাস। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাকে যোগদান করতে তো দেওয়াই হয়নি, উল্টো দুর্ব্যবহার করা হয়। আমার দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে আর কেউ এমন ব্যবহার করেনি।’উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, শিক্ষককে যোগদান করতে না দেওয়ার বিষয়টি তিনি মহাপরিচালককে জানিয়েছেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগেও বেশ কয়েকজন শিক্ষককে যোগদান করতে দেওয়া হয়নি বলে অভিযোগ পেয়েছি।’দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করে নাজমা আক্তার বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। বিদ্যালয়ে পড়াশোনা ভালো হচ্ছে। পরীক্ষার ফলও ভালো। এই অবস্থায় অন্য কারও আসার প্রয়োজন নেই।’নির্দেশের অভিযোগ অস্বীকার করে সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মির্জা আজম বলেন, ‘বিদ্যালয়টিতে নানা দুর্নীতি হয় বলে শুনেছি। বিষয়টি আমি খতিয়ে দেখব।’