'সাংস্কৃতিকবোধ মানুষের শুভ চেতনা জাগ্রত করে'

সাংস্কৃতিকবোধ মানুষের শুভ চেতনা জাগ্রত করে। তাই সাংস্কৃতিকবোধের জাগরণের মাধ্যমেই মৌলবাদ-জঙ্গিবাদের মোকাবিলা করতে হবে।
গতকাল মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের বার্ষিক সেমিনারে কথাগুলো বলেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তিনি বলেন নাটক, গণসংগীত, গান ও কবিতার পঙ্ক্তিমালা শান্তির প্রতীক। এসব দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার জয় করা যায়। আর তারুণ্যই এগুলোকে মানুষের কাছে পৌঁছে দিয়ে প্রতিরোধের দেয়াল গড়ে তুলতে পারে। দুই দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করেছে কলা ও মানবিক অনুষদ। গতকাল শেষ দিনে সেমিনারের প্রথম অধিবেশনে সেলিনা হোসেন ‘সংস্কৃতির বিকাশ ও প্রতিশ্রুতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তাতে তিনি বলেন, সংস্কৃতি গ্রহণ ও বর্জনের মধ্য দিয়ে এগিয়ে যায়। সমাজকে তার প্রয়োজন অনুযায়ী ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করতে হয়। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জি এম মনিরুজ্জামান প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রবন্ধের ওপর আলোচনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শামসুজ্জামান মিলকী। বিকেলে সেমিনারের দ্বিতীয় পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ ‘মানববিদ্যায় শিক্ষায় চলন্ত বিতর্ক’ শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি বলেন, মানববিদ্যার লক্ষ্য হওয়া উচিত বিশ্লেষণ ক্ষমতা শেখানো এবং এ বিশ্লেষণকে হতে হবে পক্ষপাতমুক্ত।
এই পর্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলামও ‘এলিয়েনেশন, এমভিব্যালেন্স অ্যান্ড আইডেন্টিটি: এ রিডিং অব ঝুম্পা লাহিরিজ ইন আদার ওয়ার্ডস’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এ পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক অনুষদের ডিন এম এম শরীফুল করিম। সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম।