'সাইফুর ছিলেন অর্থনৈতিক উন্নয়নের মূল কারিগর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের স্মরণ সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল কারিগর ছিলেন প্রয়াত এই নেতা।

সাইফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দূররে সামাদ রহমান ও সাইফুর রহমান ফাউন্ডেশন আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ সভার আয়োজন করে।

এতে সাইফুর রহমানের সঙ্গে বিভিন্ন সময় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেন, সাইফুর রহমান কাজ করতেন গুণাগুণ বিচার করে। আর্থিক ব্যবস্থাপনা থেকে শুরু করে সব ক্ষেত্রে এর ছাপ ছিল। ভ্যাট প্রচলন ছাড়াও ব্যাংকিং খাতে সংস্কারসহ তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শামসুল হুদা বলেন, সাইফুর রহমান যেসব কাজ করেছেন তার ভীত খুব শক্ত ও গুরুত্বপূর্ণ। যে কারণে পরবর্তীতে কেউ এসব বাদ দিতে পারেনি, বরং গ্রহণ করতে হয়েছে। তিনি বলেন, সাইফুর রহমান নিয়োগের ক্ষেত্রে কখনো কার বাড়ি কোথায় এসব দেখতেন না। কার কী কাজ আছে, সুনাম কেমন- এসব দেখে তিনি নিয়োগ দিতেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনীতি যে এগিয়ে যাচ্ছে তার মূল কারিগর ছিলেন সাইফুর রহমান। তাঁর সময়ে ব্যাংক খাতে কোন হস্তক্ষেপ করা হতো না। তাঁর ভ্যাট চালুর উদ্যোগ ছিল খুব গুরুত্বপূর্ণ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি সুলতান মোহাম্মদ মনসুর বলেন, সাইফুর রহমান দলবাজদের মত আচরণ করেননি। দলের মধ্যে থেকেও তিনি যা সঠিক, সমাজের কল্যাণে আসবে মনে করতেন তাই করেছেন।

অন্যদের মধ্যে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান, ছিদ্দিকুর রহমান চৌধুরী, দূররে সামাদ রহমান ও সাইফুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।