'সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ' তানভীর নিখোঁজ!
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পরিচয়দানকারী তানভীর হাসান ওরফে জোহা গত বুধবার রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে তাঁর পরিবার জানিয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে তানভীর নিজেকে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পরিচয় দিয়ে গণমাধ্যমে মতামত দিয়েছিলেন। পরে আইসিটি বিভাগ জানায়, তানভীরের সঙ্গে আইসিটি বিভাগের কোনো সম্পর্ক নেই।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তানভীর হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করলেও করতে পারে। তবে তিনি এ ব্যাপারে নিশ্চিত নন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তানভীরের স্ত্রী কামরুন নাহার চৌধুরী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে তানভীরের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। তানভীর তাঁকে বলেন, সিএনজিচালিত অটোরিকশা করে এক বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি বাসায় ফিরছেন। তিনি বাসায় ফিরে না আসায় রাত সোয়া ১২টায় যোগাযোগ করলে তানভীরের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তানভীরের বন্ধু ইয়ামির আহমেদ ফোনে তাঁদের বলেন, অটোরিকশায় বাসায় ফেরার সময় কচুক্ষেতে দুই পাশ থেকে দুটি গাড়ি এসে অটোরিকশা থামায়। এরপর অজ্ঞাত ব্যক্তিরা দুজনকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে আলাদা গাড়িতে তোলে। পরে ইয়ামিরকে একটি স্থানে নামিয়ে দেয়।
কামরুন নাহার বলেন, ‘ইয়ামিরের কাছে তানভীরকে তুলে নেওয়ার খবর জানার পর আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। বর্তমানে আমরা উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন। আমার স্বামীকে সুস্থ অবস্থায় ফেরত চাই।’
কামরুন নাহার আরও বলেন, তাঁদের বাসা কলাবাগান এলাকায়। তাই তিনি বুধবার রাতে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। কিন্তু থানা কর্তৃপক্ষ তাঁদের জানায়, যেহেতু তিনি সর্বশেষ কচুক্ষেত এলাকা থেকে কথা বলেছেন, এ জন্য কাফরুল থানায় জিডি করতে হবে। গতকাল সকালে তানভীরের চাচা মাহবুবুল আলম কাফরুল থানায় জিডি করতে যান। কাফরুল থানা-পুলিশ জানায়, এটি ক্যান্টনমেন্ট থানা এলাকায় পড়েছে। সেখান থেকে ক্যান্টনমেন্ট থানায় যোগাযোগ করা হলে তাঁরা জানান, ঘটনাস্থল ভাষানটেক থানায় পড়েছে। কোনো থানা তাঁদের জিডি গ্রহণ করেনি।
কামরুন নাহার বলেন, আগে তানভীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ে কাজ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁর কাছে তথ্যপ্রযুক্তি বিষয়ে যখনই কোনো সহযোগিতা চাওয়া হয়েছে, তখনই তিনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তানভীর যাতে নিরাপদে ঘরে ফিরতে পারেন, সে জন্য তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
গতকাল কাফরুল ও ক্যান্টনমেন্ট থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন ও আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা প্রথম আলোকে বলেন, তানভীর নিখোঁজ হয়েছেন এমন খবর তাঁদের কাছে নেই।
গত সোমবার আইসিটি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে বিশেষজ্ঞ মতামত দেওয়া তানভীর হাসানের সঙ্গে আইসিটি বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি আইসিটি বিভাগের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবেও কর্মরত নন।