‘সাঈদী বিভিন্ন কুকর্মের সঙ্গে জড়িত ছিলেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ৭ মে পাকিস্তানি সেনারা পিরোজপুরের পারেরহাটে যাওয়ার পর বিভিন্ন কুকর্ম করে। যেমন—অগ্নিসংযোগ, হত্যা, লুণ্ঠন, নারী নির্যাতন প্রভৃতি। এসব কুকর্ম ও ধর্ষণের উদ্দেশ্যে নারীদের পাকিস্তানি সেনাদের কাছে হস্তান্তরের সঙ্গে সাঈদী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন।জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী মো. মিজানুর রহমান তালুকদার গতকাল মঙ্গলবার জবানবন্দিতে এসব কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি অসমাপ্ত জবানবন্দি গতকাল শেষ করার পর আসামিপক্ষের তিন আইনজীবী তাঁকে জেরা করেন। গত সোমবার তিনি জবানবন্দি দেওয়া শুরু করেন।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এর আগেই সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়।মিজানুর রহমান জবানবন্দির বাকি অংশে বলেন, একাত্তরের ৫-৬ জুনের দিকে জেলে নৌকায় করে তিনি সুন্দরবনে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে বাড়িতে ফেরেন। জবানবন্দি শেষে মিজানুরকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। তিনি সাক্ষীর কাছে জানতে চান, দেলোয়ার হোসেন মল্লিক নামে পারেরহাটের এক রাজাকারকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছিল, এটি কি তিনি জানেন? জবাবে সাক্ষী বলেন, ওই নামে কোনো রাজাকার এলাকায় ছিল না, দেলাওয়ার হোসাইন সাঈদী নামে রাজাকার ছিল। দুপুরে এক ঘণ্টা বিরতির পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের আইনজীবী কফিলউদ্দিন চৌধুরী ও মঞ্জুর আহমেদ আনসারী সাক্ষীকে জেরা করেন। বিকেল সাড়ে চারটা পর্যন্ত জেরা চলে। পরে আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কার্যক্রম মুলতবি করা হয়।এদিকে ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিরুদ্ধে আদালত অবমাননা রুলের বিষয়ে শুনানির দিন ১৯ জানুয়ারি পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।