'সাঈদীর আমৃত্যু কারাদণ্ডে জনগণ ক্ষুব্ধ ও হতাশ'
গণজাগরণ মঞ্চ মনে করে, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রিভিউতে আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল থাকায় জনগণ ক্ষুব্ধ ও হতাশ। এই রায়ে জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাঁর মৃত্যুদণ্ড প্রাপ্য ছিল। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এক বিবৃতিতে আজ সোমবার এসব কথা বলেন।
ইমরান এইচ সরকার বলেন, ‘সাঈদীর মতো মানবতাবিরোধী অপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রাপ্য ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়েও এই যুদ্ধাপরাধীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল। আপিল বিভাগের রায়ে যখন সাঈদীর ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ শাস্তির রায় পরিবর্তন করে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, এর প্রতিবাদে রাজপথে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। কিন্তু সেদিন গণজাগরণ মঞ্চের ওপর সরকারের আক্রমণ যুদ্ধাপরাধীদের সঙ্গে সরকারের আপসকামী মনোভাব স্পষ্ট করে দেয়।’
গণজাগরণ মঞ্চের মুখপাত্র আরও বলেন, মামলা পরিচালনায় সরকারের দায়িত্বহীনতা এবং অবহেলার কারণেই একাত্তরের নির্যাতিত মানুষেরা যথোপযুক্ত বিচার থেকে বঞ্চিত হয়েছে। অতিরিক্ত সুবিধা ছাড়া একজন সাধারণ কয়েদির মতো আমৃত্যু সশ্রম কারাদণ্ডই যেন দেলাওয়ার হোসাইন সাঈদীকে ভোগ করতে হয়, সে দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি মঞ্চের পক্ষ থেকে যুদ্ধাপরাধের বিচারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং দ্রুত যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানান।