'সাক্ষীদের হাজির না করে আইন লঙ্ঘন করেছে পুলিশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারি মামলায় সাক্ষীদের আদালতে হাজির করার ক্ষেত্রে পুলিশের আইনি বাধ্যবাধকতা রয়েছে। সাক্ষীদের প্রতি জারি করা সমন তামিল করার দায়িত্বও পুলিশের। কিন্তু চট্টগ্রামের সন্দ্বীপের একটি হত্যা মামলায় সাক্ষীদের হাজির না করে আইন লঙ্ঘন করেছে পুলিশ। বারবার সমন পাঠানোর পরও সাক্ষীদের বিষয়ে আদালতে কিছু জানায়নি পুলিশ। যে কারণে হত্যাকাণ্ডের ২৩ বছর পরও মামলাটি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে ত্রৈমাসিক বিচারিক সম্মেলনে (জুডিসিয়াল কনফারেন্স) সন্দ্বীপের ওই হত্যা মামলা নিয়ে আলোচনায় বিচারকদের বক্তব্যে এসব বিষয় উঠে আসে। সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা।
গতকাল প্রথম আলোয় সন্দ্বীপের ওই হত্যা মামলা নিয়ে ‘২৩ বছর ধরে মামলা, বাদী শয্যাশায়ী, মারা গেছেন তিন আসামি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। এর আগে ৮ আগস্ট এই মামলাটি দীর্ঘ সময়েও নিষ্পত্তি না হওয়ার বিষয়ে হাইকোর্ট বিচারকের কাছে কারণ ব্যাখ্যা চেয়েছেন। একই সঙ্গে তিন মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৯৩ সালের ৬ আগস্ট সন্দ্বীপের কচুয়াখালী এলাকায় আক্কাস উদ্দিন নামের এক যুবককে ১৫ হাজার টাকা চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। আক্কাস গরুর গাড়ি চালাতেন (গাড়োয়ান)। গত সাড়ে আট বছরে এই মামলায় একজন সাক্ষীকেও হাজির করতে পারেনি পুলিশ। এই সময়ের মধ্যে মোট ৪৩ বার মামলার তারিখ পড়েছে। আট আসামির মধ্যে প্রধান তিন আসামি মারা গেছেন। বয়সের ভারে মামলার বাদী ও আক্কাসের বাবা আবুল খায়ের এখন চলাফেরা করার শক্তিও হারিয়ে ফেলেছেন। মামলার ২৫ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ছয়জন। তদন্ত কর্মকর্তাসহ চার পুলিশ সাক্ষী এখনো সাক্ষ্য দেননি। এত বছর পর তাঁরা আদৌ বাহিনীতে আছেন কি না, তা-ও জানে না পুলিশ।
চট্টগ্রামে গতকাল অনুষ্ঠিত বিচারিক সম্মেলনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২০০৮ সালের ৫ ফেব্রুয়ারির পর পুলিশ এ মামলায় কোনো সাক্ষীকে হাজির করেনি। তিনি এই আদালতের দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের ১০ জানুয়ারি, ২৪ ফেব্রুয়ারি, ২২ জুন ও ২৫ জুলাই সাক্ষীদের বিরুদ্ধে সমন জারি করেন, যা আদালতের পুলিশ পরিদর্শক গ্রহণ করেন। এরপরও পুলিশ প্রশাসন সাক্ষীদের আদালতে হাজির করেনি এবং সমন জারির কোনো প্রতিবেদনও দাখিল করেনি।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সন্দ্বীপের মামলাটি সম্পর্কে তাঁর ধারণা নেই। আর সাক্ষী হাজিরের দায়িত্ব কেবল পুলিশের একার নয়। এ ব্যাপারে সাক্ষী ও সরকারি কৌঁসুলিদেরও ভূমিকা রয়েছে। তিনি বলেন, গত মে মাসে ৭৮৩ জন, জুনে ৫৮৭ জন এবং জুলাই মাসের ১৮ তারিখ পর্যন্ত ৪৭৩ সাক্ষীকে পুলিশ আদালতে হাজির করেছে।
বিচারিক সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম জেলা জজশিপে গত দেড় বছরে ৩৩ হাজার ১৭৭টি দেওয়ানি মামলা, ৮ হাজার ৮৬৯টি ফৌজদারি মামলাসহ মোট ৪২ হাজার ৪৬টি মামলার নিষ্পত্তি হয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান, জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী, সরকারি কৌঁসুলিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।