জাতীয় পার্টির সাবেক নেতা পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী কেশব চন্দ্র বিশ্বাস। জবানবন্দিতে তিনি বলেছেন, ১৯৭১ সালে ইঞ্জিনিয়ার জব্বার তাঁর হাতের রাইফেল থেকে গুলি করে নলী গ্রামের সাখানাথ খরাতীকে হত্যা করেন।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল কেশব চন্দ্র বিশ্বাস (৬৬) জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নলী গ্রামে। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে মুসলিম লীগের স্থানীয় নেতা আবদুল জব্বার মঠবাড়িয়া থানা শান্তি কমিটির সভাপতি হন। তিনি ইস্কান্দর মৃধাকে রাজাকার কমান্ডার হিসেবে নিয়োগ দেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ২২ মে সকাল নয়টার দিকে আবদুল জব্বারের নেতৃত্বে রাজাকার বাহিনী ও শান্তি কমিটির লোকজন নলী গ্রামে হামলা চালায়। কয়েকজন গ্রামবাসী এ হামলা প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় জব্বার তাঁর হাতের রাইফেল দিয়ে গ্রামের সাখানাথ খরাতীকে গুলি করে হত্যা করেন। রাজাকার নূর হোসেন গ্রামের নিশিকান্ত বিশ্বাস ও তাঁর ছেলে সুরেন্দ্রনাথ বিশ্বাসকে গুলি করে হত্যা করে। জব্বারের নির্দেশে আরও কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়। সেদিন মোট ১১ জন শহীদ হন। রাজাকাররা পরে গ্রামের ৬০টি ঘরবাড়ি লুট করে আগুন ধরিয়ে দেয়।
জবানবন্দি শেষে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান রাষ্ট্রপক্ষের এই সাক্ষীকে জেরা করেন। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
সুবহানের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন অব্যাহত: এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ চতুর্থ দিনের মতো যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজিয়া সুলাতানা।
সুবহানের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগের মধ্যে গতকাল পর্যন্ত ছয়টি অভিযোগের ওপর যুক্তি দেওয়া শেষ হয়। আজ মঙ্গলবার আবার রাষ্ট্রপক্ষ যুক্তি দেবে।