'সাগর নদী ও পাহাড় ধ্বংসের কারণে বিপর্যয়'
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বলেছেন, সাগর, নদী ও পাহাড় ধ্বংস করছে মানুষ। এতে বিপর্যয় নেমে এসেছে। এখন বৃষ্টি না হলেও চট্টগ্রাম নগর দিনে দুবার ডুবছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বর্ষা দিবস ১৪২৩ উদ্যাপন ও সমাঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুচ ছালাম এসব কথা বলেন।
সিডিএ, দুস্থ স্বাস্থ্যকেন্দ্র (ডিএসকে), রেইন ফোরাম ও অ্যাকর্ড হোল্ডিং লিমিটেড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বৃষ্টির পানি সংরক্ষণ করা নিয়ে সংস্থাগুলোর মধ্যে একটি সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
হাজী মুহাম্মদ মহসিন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ইদ্রিচ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম, চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নজরুল হক, অ্যাকর্ড হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দীন, ডিএসকের ঊর্ধ্বতন প্রকল্প সমন্বয়ক আবদুল হাকিম।
সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বব্যাপী বৃষ্টির পানির প্রয়োজনীয়তা ও ব্যবস্থাপনা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেইন ফোরামের সম্পাদক আশরাফুল আলম।