'সাগরে দস্যুদের তাণ্ডব সামলান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরে জলদস্যুদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন জেলেরা। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে অনির্দিষ্টকালের জন্য সাগরে মাছধরা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন জেলেরা। গতকাল সোমবার কক্সবাজার শহরে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান জেলেরা।
সমাবেশে অভিযোগ করা হয়, গত ২০ দিনে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলার ৬১টি মাছধরার ট্রলার জলদস্যুদের কবলে পড়েছে। এসব ট্রলার থেকে প্রায় দুই কোটি টাকার মাছ, জাল ও জ্বালানি লুট করা হয়েছে। দস্যুদের পিটুনি ও হামলায় আহত হয়েছেন অন্তত ৩০ জন জেলে।
গতকাল বেলা ১১টা থেকে শহরের প্রধান পাইকারি মাছ বিক্রির বাজার নুনিয়াছড়া ফিশারিঘাটে জেলেরা জড়ো হতে থাকেন। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় যান তাঁরা। সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন জেলেরা।
সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি আবদুল্লাহ আল মাসুম, সাধারণ সম্পাদক জানে আলম, সাবেক সভাপতি মো. জয়নাল আবেদীন, ট্রলারের মালিক হেলাল উদ্দিন, জেলে মনির উদ্দিন, কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর প্রমুখ।
জেলে মনির আহমদ বলেন, মা-ইলিশ রক্ষার জন্য সরকারি নিষেধাজ্ঞায় টানা ২২ দিন সাগরে মাছধরা বন্ধ ছিল। এরপর ২ নভেম্বর থেকে জেলেরা সাগরে মাছধরা শুরু করেন। সাগরে ইলিশসহ প্রচুর মাছ ধরা পড়ছে। কিন্তু জলদস্যুদের তাণ্ডবে মাছ নিয়ে উপকূলে ফিরতে পারছে না কেউ। এ রকম পরিস্থিতিতে সাগরে মাছ ধরতে নামা ঝুঁকিপূর্ণ। তাই জীবনের নিরাপত্তার দাবিতে জেলেরা মাঠে নেমেছেন।
ট্রলারের মালিক হেলাল উদ্দিন বলেন, ১০টির বেশি দস্যুবাহিনী কুতুবদিয়া থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১০০ কিলোমিটার সাগরে তাণ্ডব চালাচ্ছে। এ পর্যন্ত ৬০টির মতো ফিশিং ট্রলারে ডাকাতি হয়েছে। দস্যুদের তাণ্ডব বন্ধ না হলে জেলেদের মাছ ধরা বন্ধ হয়ে যাবে।
মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক জানে আলম বলেন, গত বছর জলদস্যুতা রোধে স্বরাষ্ট্রমন্ত্রীসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছিলেন জেলে ও ট্রলারের মালিকেরা। স্মারকে দস্যুদের তালিকাও ছিল। কিন্তু এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জলদস্যুদের দ্রুত গ্রেপ্তার না করলে অনির্দিষ্টকালের জন্য মাছধরা বন্ধ করে দেওয়া হবে।
মৎস্য ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, ‘আন্দোলন করা আমাদের কাজ নয়। স্বরাষ্ট্রমন্ত্রী যদি সুন্দরবনের ভয়ংকর জলদস্যুদের রোধ করতে পারেন, কক্সবাজারের দস্যুদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না? আমরা কি সরকারকে রাজস্ব দিই না?’
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর জলদস্যুতা নির্মূলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নুনিয়াছটার জেলে গিয়াস উদ্দিন (৪৪) বলেন, ‘সাত দিন আগে টেকনাফ উপকূলে তিনি দস্যুদের কবলে পড়েছিলেন। এ সময় তাঁর ট্রলারের আরও ১৫ জেলে আহত হন। দস্যুরা ট্রলারের মাছ, জাল ও ইঞ্জিন খুলে নিয়ে তাঁদের সাগরে ভাসিয়ে দেয়। অপর একটি ট্রলার উদ্ধার না করলে সাগরেই সবার মৃত্যু হতো।
জেলেদের দাবির বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, গভীর সমুদ্রে গিয়ে জলদস্যুদের পাকড়াও করার মতো আধুনিক জলযান পুলিশের নেই। এ ব্যাপারে নৌ ও কোস্টগার্ড বাহিনীর সহযোগিতা চাওয়া হবে।