'সাজানো আসামি' আদালতে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মামলায় আসল আসামির পরিবর্তে অন্য এক ব্যক্তিকে আদালতে হাজির করার ঘটনা ঘটেছে।
মামলার বাদী ও আইনজীবীদের সূত্রে জানা গেছে, উল্লাপাড়ার মোমেনা আলী বিজ্ঞান স্কুলের এক ছাত্রীকে মারধর ও ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান আলী সরকারের ছেলে উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা শহিদুল ইসলাম আলমগীরকে আসামি করে ৩ মার্চ শিশু নির্যাতন আইনে মামলা করেন। ১০ মার্চ আলমগীরের নামে তাঁর মামাতো ভাই উল্লাপাড়ার চন্দ্রগাঁতী-গয়হাট্টা গ্রামের আনোয়ার হোসেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শরিফুল হকের আদালতে হাজির হন। বিচারক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে গত শনিবার স্থানীয় সাংসদ তানভীর ইমামের উল্লাপাড়ার বাড়িতে বাদী-বিবাদীকে নিয়ে বিষয়টির মীমাংসা হয়। এ সময় উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌসিক আহমেদও উপস্থিত ছিলেন। ১৩ মার্চ মীমাংসার এফিডেভিড আদালতে দাখিল করে আসামির জামিন চাইলে বিচারক জামিন মঞ্জুর করেন।
যোগাযোগ করা হলে সাংসদ তানভীর ইমাম বলেন, মামলার বিষয়টি দেখার দায়িত্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। তাঁর সঙ্গে যোগাযোগ করার কথা বলে তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌসিক আহমেদ বলেন, মীমাংসা শেষে তিনি সাংসদের বাড়িতে উপস্থিত হয়েছিলেন।
এদিকে বিষয়টি আদালতের নজরে আসায় গতকাল মঙ্গলবার উল্লাপাড়া আদালতের জিআরও শামিম আহম্মেদের মাধ্যমে বাদী শহিদুল ইসলামকে আদালতে ডেকে আনা হয়। এ সময় বাদী আদালতে একটি লিখিত দেন। এতে উল্লেখ করা হয়, গত শনিবার আলমগীর সাংসদের উল্লাপাড়ার বাড়িতে মীমাংসা বৈঠকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শামিম আহম্মদ বলেন, ১০ মার্চ যে ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করেন, তিনি আলমগীর নন, বাদীর দাখিল করা প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। এ বিষয়ে আগামী ১০ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আদালত। তিনি আরও বলেন, আসামি শনাক্তের বিষয়টি সংশ্লিষ্ট আইনজীবীর ওপর নির্ভর করে।
এ বিষয়ে আলমগীর হোসেন সরকার বলেন, ‘মামলার বিষয়টি বাদীর সঙ্গে মীমাংসা হয়ে গেছে। এ নিয়ে আপনারা কেন এত উদ্গ্রীব।’
আসামিপক্ষের আইনজীবী এ কে ফজলুল হক জানান, সব আসামি সঠিকভাবে চেনা সম্ভব নয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসিম সরকার হাকিম বলেন, জামিন যেভাবেই হোক না কেন, বাদী আপসনামা দিয়েছেন, তাঁর পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আদালত বিষয়টি বিবেচনা করবেন।
মুখ্য বিচারিক হাকিম আদালতের এপিপি মো. আবদুর রউফ বলেন, আসামি শনাক্ত করার দায়িত্ব আইনজীবীর। যদি এ ধরনের ঘটনা ঘটে, তাহলে এর উপযুক্ত বিচার হওয়া উচিত। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নূরুল ইসলাম বলেন, বিষয়টি আদালতের সঙ্গে প্রতারণার শামিল। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া উচিত।