'সাত খুনের ঘটনা যথাযথ তদন্ত হওয়া উচিত'
নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের ঘটনা যথাযথভাবে তদন্ত করা উচিত বলে মনে করেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিচালক নূর খান। তিনি বলেন, এই খুনে কারা জড়িত ছিল, সেটি বের করা জরুরি।
আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জে এসে নূর খান সাত খুনের ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এর আগেও তিনি দুদিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহত লোকজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। আজ পরিদর্শন শেষে সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
নূর খান অভিযোগ করে বলেন, যেভাবে এই ঘটনার তদন্ত করা দরকার, সেভাবে হচ্ছে না। তিনি বলেন, সাতজন মানুষকে অপহরণ করে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? কোথায় হত্যা করা হয়েছিল? এই প্রশ্নের উত্তরগুলো বের করা জরুরি। তিনি বলেন, ‘ঘটনার পারিপার্শ্বিকতা দেখে মনে হয়, কোনো বিশেষ বাহিনী এই ঘটনার সঙ্গে জড়িত। কাজেই লোক দেখানো তদন্ত না করে সেদিন ওই বাহিনীর কোন গাড়ি অভিযানে বের হয়েছিল, কোন কোন কর্মকর্তা দায়িত্বে ছিলেন, আদালতে যে সদস্যরা দায়িত্ব পালন করেছিলেন, তাঁরা কোন কর্মকর্তার নির্দেশে সেখানে গিয়েছিলেন, সেসব প্রশ্নের উত্তর জানা জরুরি।’
নূর খান বলেন, ‘এই হত্যাকাণ্ড কেবল সাতটি খুন নয়, সামগ্রিক অর্থে বিচার করতে হবে। কারণ এর আগেও এ ধরনের অপহরণ ও গুমের অসংখ্য ঘটনা ঘটেছে। কাজেই সেই বিষয়গুলোকে মাথায় রেখেই সত্যিকারের তদন্ত হওয়া উচিত।
নজরুলের স্ত্রীর সঙ্গে সিআইডির তদন্ত দলের সাক্ষাত্
আজ শুক্রবার বিকেল পাঁচটায় ঢাকা বিভাগের সিআইডির অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল নজরুলের স্ত্রী সেলিনা ইসলামের সঙ্গে সাক্ষাত্ করে। দলের সদস্যরা নজরুলের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন। এর আগে সিআইডির তদন্ত টিম প্যানেল মেয়র নজরুলসহ সাতজনের লাশ উদ্ধারের ঘটনাস্থল শীতলক্ষ্যা নদীর বন্দর থানার কলাগাছিয়া এলাকায়, অপহরণস্থল নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের শিবু মার্কেট এলাকা পরিদর্শন করে লোকজনের সঙ্গে কথা বলেন। এ ছাড়াও সিআইডি দল লাশের সঙ্গে বাঁধা ইটের সন্ধানে বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শন করে। তাঁরা কয়েকটি ইটভাটার ইট পরীক্ষা করেন।