'সাত দিনের অর্জন সারা জীবন কাজে আসবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের তাঁবুর সামনে মন ভার করে দাঁড়িয়ে আছে সিরাজগঞ্জের রেলওয়ে কলোনি হাইস্কুলের ছাত্র মনিরুল ইসলাম। সাতটা দিন একসঙ্গে থেকে অনেক নতুন বন্ধু হয়েছে, তাদের ছেড়ে চলে যেতে হচ্ছে, ভেবেই খারাপ লাগছে।
‘শান্তি ও সম্প্রীতির জন্য স্কাউটিং’ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের শালবনে স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে শুরু হওয়া নবম বাংলাদেশ ও প্রথম সানসো স্কাউট জাম্বুরি শেষ হলো গত বৃহস্পতিবার রাতে গ্র্যান্ড ক্যাম্প ফায়ারের মাধ্যমে। সমাপনী অনুষ্ঠানে ওই দিন রাতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহামঞ্চদ সাদিক।
বক্তব্য দেন ডেপুটি জাম্বুরি চিফ ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জাম্বুরি সাংগঠনিক কমিটির সভাপতি ও পরিকল্পনা কমিশনের সদস্য, সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবদুল করিম।
শিক্ষামন্ত্রী বলেন, স্কাউটরা তাদের মেধা, মনন ও সাহসিকতার মাধ্যমে জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
স্কাউট কর্মকর্তারা জানান, তিনটি দেশের প্রায় সাড়ে আট হাজার স্কাউট, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক সপ্তাহব্যাপী এ জাম্বুরির বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। স্কাউট শিক্ষক আবু তাহের বলেন, ‘সাত দিনে স্কাউটরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে যা অর্জন করেছে, সারা জীবন তা কাজে আসবে।’