'সাধ রে আজিকে প্রাণের সাধন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবৃত্তি করছেন শিল্পী রণজিত্ রক্ষিত ষ প্রথম আলো
আবৃত্তি করছেন শিল্পী রণজিত্ রক্ষিত ষ প্রথম আলো

সন্ধ্যা সাতটা। মিলনায়তনের নিবু নিবু আলো। সব আসন পূর্ণ। আসন ছাড়িয়ে ফ্লোরেও দর্শক। পর্দা উঠল। ভেসে এল দরাজ কণ্ঠের উচ্চারণ—‘অন্তর মম, বিকশিত করো, অন্তরতর হে’। শুরু হলো আবৃত্তি। মুহূর্তে করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। শিল্পী রণজিত্ রক্ষিতের আবৃত্তিসন্ধ্যার প্রতিটি ক্ষণে ক্ষণে মুগ্ধতার আবেশ ছড়ায় দর্শকদের মধ্যে।
বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে ৬ জুন নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘সাধ রে আজিকে প্রাণের সাধন’ শীর্ষক এই আবৃত্তিসন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিল্পীকে উত্তরীয় পরিয়ে দেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। কথামালায় তিনি বলেন, ‘গান যেমন মানুষকে জাগায়, তেমনি আলোড়ন তোলে আবৃত্তি। কবিতা মানুষের আত্মাকে শুদ্ধ করে, স্পর্শ দেয় অমৃতের। মহত্ প্রয়াসে ঝাঁপিয়ে পড়তে উদ্বুব্ধ করে।’ আবৃত্তিশিল্পী শিমুল নন্দীর সঞ্চালনায় কথামালায় আরও অংশ নেন বোধনের উপদেষ্টা মঈনুল ইসলাম মাহমুদ, চিত্রশিল্পী মনসুরুল করিম ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী শান্তনু বিশ্বাস।
রণজিত্ রক্ষিত একে একে আবৃত্তি করেন মাইকেল মধুসূদন দত্তের ‘কপোতাক্ষ নদ’ ও ‘প্রিয় বালিশের প্রতি’, শান্তনু দাসের ‘সেই ডালিম ফুলের মতো শিশু’, সৈয়দ শামসুল হকের ‘কাঁদছিল, কেউ কাঁদছিল’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘একদিন’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’, মোফাজ্জল করিমের ‘নেশা’, শুভ সরকারের ‘জীবনকে কিছু দাও’, পূর্ণেন্দু পত্রীর ‘সেই গল্পটা’, হেলাল হাফিজের ‘নিখুঁত স্ট্র্যাটেজি’ ও ‘প্রস্থান’, তারাপদ রায়ের ‘আমার ডুগডুগি’, সুবোধ সরকারের ‘ঘুষ’, চে গুয়েভারার ‘ফিদেলের জন্য গান’সহ ২৫টি কবিতা।
কবিতায় কখনো দ্রোহ, কখনো ভালোবাসা, কখনো ছন্দের আনন্দে ভাসিয়ে নিয়ে যান দর্শকদের। পাশে ছিল পর্দায় চলমান ছবি। যেখানে প্রতিটি কবিতার রূপ ফুটিয়ে তোলা হয়েছে এক অনন্য রূপে। জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কবিতার মধ্য দিয়ে শিল্পী ইতি টানেন পরিবেশনার।