'সাধারণ মানুষ শুধু চেয়ে চেয়ে দেখবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিএনপি ও আওয়ামী লীগ কেউ কাউকে ছাড় দেবে না। কোনো সংলাপও হবে না দুই দলের মধ্যে। মাঝপথে হরতাল-অবরোধের জাঁতাকলে পড়ে আমরা সাধারণ জনগণের অবস্থা কাহিল। আন্দোলন, জ্বালাও-পোড়াওয়ের পর নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক লাভ সে দলের নেতা-কর্মীদেরই। সাধারণ মানুষ শুধু চেয়ে চেয়ে দেখবে।’
কথাগুলো বলছিলেন নোয়াখালী শহরের নতুন বাসস্ট্যান্ডে কর্মস্থলে যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল আউয়াল। ১৮-দলীয় জোটের টানা হরতালের কারণে গতকাল মঙ্গলবার শহরে রাস্তায় রিকশা ছাড়া অন্য যানবাহন চলাচল না করায় অন্য সব কর্মজীবীর মতো তিনিও দুর্ভোগের মধ্যে পড়েন।
সকালে সরেজমিন শহরের মাইজদী বাজার, পুরাতন বাসস্ট্যান্ড, পৌর বাজার ও দত্তেরহাট এলাকা ঘুরে দেখা যায়, রিকশা ছাড়া ভারী যানবাহন চলাচল না করায় কর্মস্থলমুখী লোকজন দুর্ভোগের শিকার হন। আবার হরতালকে পুঁজি করে রিকশাচালকদেরও অতিরিক্ত ভাড়া হাঁকাতে দেখা যায়।
শহরের মোহামঞ্চদিয়া মোড়ে কথা হয় স্কুলশিক্ষিকা শাহনাজ বেগমের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, জেলা শহর থেকে তাঁর কর্মস্থল প্রায় সাত কিলোমিটার দূরে। হরতাল না থাকলে ওইটুকু পথ যেতে অটোরিকশায় ভাড়া লাগত ২০ টাকা। কিন্তু এখন হরতালে প্রতিদিন কর্মস্থলে যেতে ভাড়া গুনতে হয় ১৮০ টাকা। শহরের ব্যবসায়ী রহমত উল্লা বলেন, ‘আমরা ব্যবসা করি, কোনো রাজনীতি করি না। তবে, রাজনীতি সম্পর্কে সামান্য যা যা বুঝি, তাতে মনে হয় আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর এবং তাদের নেতা-কর্মীদের দেশপ্রেম শুধু মুখেই, অন্তরে নয়। অন্তরে দেশপ্রেম ও দেশের জন্য ভালোবাসা থাকলে এত হিংসা-হানাহানি, সংঘাত হতো না।’ পৌর বাজারে বাজার করতে আসা হরিনারায়ণপুর এলাকার বাসিন্দা আবদুল মোতাবেল বলেন, ‘দুই নেত্রীর টেলিফোনে কথা বলার খবর শুনে বেশ স্বস্তিই পেয়েছিলাম। ভেবেছিলাম, এবার বুঝি বরফ গলল। কিন্তু দুই দিন যেতে না যেতেই স্পষ্ট হয়ে গেল আসলে এসবই তাঁদের নাটক। এসব করে দেশে শান্তি আসবে না। দুই দলকেই সহনশীল হতে ববে।’