দরিদ্র মানুষের কাছে ন্যায়বিচার পৌঁছে দিতে আইনজীবীদের কাজ করার তাগিদ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী। তিনি বলেছেন, সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে হবে।গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০১২-এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোহাম্মদ ইমান আলী এ কথা বলেন।অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্যনির্বাহী পরিষদের সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া। আইনজীবীদের উদ্দেশে বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, ‘আপনাদের প্রতি অনুরোধ, যে যেই দলই করুন না কেন, আইনের আঙিনায় শুধু আইনজীবীদের দল করবেন। আপনাদের গুরুদায়িত্ব লোকজন যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করা। গ্রামের সাধারণ লোকজন আইন জানে না, বোঝে না। তারা কোনো দল করে না। আপনাদের দায়িত্ব তাদের কাছে বিচার পৌঁছে দেওয়া।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান, বার কাউন্সিলের সদস্য ও সমিতির সাবেক সভাপতি এম আনোয়ারুল কবির, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ, বিদায়ী পরিষদের সভাপতি মো. সালেহ্উদ্দিন হায়দার সিদ্দিকী। প্রধান অতিথি মোহাম্মদ ইমান আলী আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, হাইকোর্টের সার্কিট বেঞ্চ রাখার বিধান আছে। আমার বিশ্বাস, যদি প্রধান বিচারপতি মনে করেন বেঞ্চ দেওয়ার প্রয়োজন আছে, তবে বেঞ্চ দিতে পারেন। তবে প্রয়োজনীয়তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের।’ আইনের বিধান সম্পর্কে সচেতন থাকতে বিচারাঙ্গনের সবার প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ ইমান আলী বলেন, ‘আইনের বিধান না জানলে কোথায় বেআইনি কাজ হয়েছে, তা বুঝতে পারবেন না।’ বিচারকের পদ শূন্য থাকার বিষয়ে মোহাম্মদ ইমান আলী বলেন, ‘পদ শূন্য এটা সত্য। বিচারক কম হলে বিচার দীর্ঘায়িত হবেই। তবে আমাদের গরিব দেশ, এটা মেনে নিতে হবে। বিচারকের সংখ্যা কম, তাই মামলার স্তূপ বাড়ছে। এটা সম্পূর্ণ সরকারের ওপর নির্ভর করে।’চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান বলেন, বিচারকের পদ শূন্য থাকায় বিচারপ্রার্থীদের কষ্ট হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অশোক কুমার দাশ বলেন, চট্টগ্রামে ৭৫টি আদালতের মধ্যে ২৫টিতে বিচারকের আসন শূন্য। এটা ন্যায়বিচারের প্রধান অন্তরায়। এখন সংকট চরম আকার ধারণ করেছে। চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানান তিনি।প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। রেওয়াজ অনুসারে বৃহস্পতিবার সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সামিনা চৌধুরী।