'সান্ধ্য কোর্স বাতিল সম্ভব নয়'
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে চালু হওয়া সান্ধ্য কোর্সের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান তুলে ধরেছেন উপাচার্য মুহাম্মদ মিজানউদ্দিন। এ ব্যাপারে এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, হঠাত্ করে শিক্ষার্থীদের কোনো অযৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে অনুমোদিত একটি আইন বাতিল করাও সম্ভব নয়।
উপাচার্য বলেছেন, ‘বিভাগ, অনুষদ, ডিনস কমিটি, শিক্ষা পরিষদ এবং সিন্ডিকেটসহ প্রতিটি পর্যায়ে উপস্থিত প্রতিনিধিদের দ্বারা বিবেচিত হয়ে কোনো বিষয় যখন আইনে পরিণত হয়, তখন তা যৌক্তিকভাবে হয়েছে বলেই সবার মেনে নেওয়া উচিত।’
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য এসব কথা জানান।
সান্ধ্য কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত ২ ফেব্রুয়ারি হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। পরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পরে ১০ মার্চ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, ‘উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সীমিত পরিসরে হলেও মাস্টার্স পর্যায়ে সান্ধ্য কোর্স চালুর দাবি ছিল। এই দাবির অন্যতম যৌক্তিকতা ছিল, চার বছরে স্নাতক সম্মান/স্নাতক কোর্সটি প্রান্তিক ডিগ্রি হওয়ায় অনেক শিক্ষার্থী ওই ডিগ্রি অর্জনের পরপরই কর্মজীবনে প্রবেশ করে। কিন্তু পরবর্তী সময় উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা ও পেশাগত ক্ষেত্রে উন্নতির জন্য তাদের মাস্টার্স ডিগ্রির প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে নিয়মিত শিক্ষার্থী হিসেবে মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ না থাকায় বিকল্প হিসেবে সান্ধ্য কোর্সের প্রবর্তন তাদের জন্য উপকারী বলে বিবেচনা করা হয়।’ এ ক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম, বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স চালু হওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয় বলে তিনি জানিয়েছেন।
২ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার তদন্তের বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা না থাকায় তদন্ত কমিটি প্রয়োজনীয় অনেক তথ্য সংগ্রহ করতে পারছে না। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার পর তদন্ত কমিটির কাজ আরও বেগবান হবে এবং তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপাচার্য আরও বলেন, ‘তদন্ত পরিপ্রেক্ষিতে পুলিশের অ্যাকশনের ব্যাপারে খতিয়ে দেখা হবে। এ ছাড়া যারা অস্ত্র ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।’ ওই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষক সম্পর্কের অবনতি হয়েছে স্বীকার করে তিনি বলেন, এ জন্য কোনো পক্ষকে দায়ী না করে সম্পর্ক উন্নয়নে সবাইকে উদ্যোগী হতে হবে। তিনি অযৌক্তিক দাবিতে আন্দোলনের নামে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত না করার পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার এন্তাজুল হক, ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন, প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান, জনসংযোগ কর্মকর্তা ইলিয়াছ হোসেন প্রমুখ।
বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত ২ ফেব্রুয়ারি হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। দফায় দফায় ওই হামলায় বেশ কয়েকজন রাবার বুলেটে বিদ্ধ হয়। আহত হয় কমপক্ষে অর্ধশত শিক্ষার্থী। ঘটনার পরদিন সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। ওই ঘটনায় পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা চারটি মামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের আসামি করা হয়।