‘সান্ধ্য ছিনতাই’ আতঙ্কে ৩০০ সংখ্যালঘু পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ শাহবাজপুর (হিন্দুপাড়া) গ্রামের ৩০০টি সংখ্যালঘু পরিবারের নারীরা এখন সন্ধ্যার পর নিজ বাড়িতেও নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন না। কারণ সন্ধ্যার পর এসব বাড়িতে গলার চেইন ও স্বর্ণালংকার ছিনতাই এবং শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। গত মঙ্গলবার হিন্দুপাড়ায় গেলে শতাধিক নারী-পুরুষ তাঁদের অসহায়ত্ব ও ক্ষোভের কথা জানান। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার দিলীপ কুমার নাগের বাড়িতে এ অবস্থার অবসানের উপায় খুঁজে বের করতে উঠান-বৈঠকের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ১৫ জন নারী, যাঁরা দুর্বৃত্তদের হাতে স্বর্ণালংকার খুইয়েছেন। গ্রামবাসী এ ছিনতাইয়ের নাম দিয়েছে ‘সান্ধ্য ছিনতাই’। গ্রামবাসী জানান, ২০০৬ সাল থেকে সান্ধ্য ছিনতাইয়ের শুরু হলেও এ বছরে এর মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।গ্রামবাসী জানান, এ বছরের প্রথম দুই মাসেই আটটি ঘটনা ঘটেছে ২ জানুয়ারি রামকৃষ্ণ সাহার স্ত্রী শিল্পী রানী সাহা, ২৩ জানুয়ারি আরাধন পালের মেয়ে স্বপ্না রানী পাল, ২ ফেব্রুয়ারি রতন আচার্যের নিকটাত্মীয় জয়ন্তী রানী আচার্য, ১৪ ফেব্রুয়ারি প্রিয়তোষ নাগের স্ত্রী অরুণা নাগ, ১৬ ফেব্রুয়ারি রাখালচন্দ্র আচার্যের মেয়ে দীপালি রানী আচার্য, ১৭ ফেব্রুয়ারি প্রবীর কুমার নাগের স্ত্রী লক্ষ্মী রানী নাগ, ২১ ফেব্রুয়ারি দীপকচন্দ্র সেনের স্ত্রী সুমা রানী সেন এবং ২২ ফেব্রুয়ারি হরেন্দ্রচন্দ্র সেনের স্ত্রী খেলা রানী সেন সান্ধ্য ছিনতাইয়ের শিকার হন। তাঁরা প্রত্যেকেই কমবেশি শারীরিক লাঞ্ছনারও শিকার হন। অরুণা নাগ চেইন ছিনতাইয়ের সময় বাধা দিলে তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে একই গ্রামের আকরাম হোসেন (২২)। তিনি নয় দিন হাসপাতালে চিকিত্সা নেন। এ ব্যাপারে মামলা হলে পুলিশ পরদিন আকরামকে গ্রেপ্তার করে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষচন্দ্র সাহা বলেন, ‘আমাদের জনবলের সংকট রয়েছে। গ্রামবাসীদের নিজ উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে বলেছি।’