'সাপলুডু খেলার প্যাঁচে' পড়েছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ প্রক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের মামলা নিষ্পত্তির হার নগণ্য। নিষ্পত্তি হওয়া মামলাগুলোর রায় বাস্তবায়নের সংখ্যা আরও কম। সর্বোপরি বাতিল হওয়া ‘খ’ তালিকার সম্পত্তি নতুন করে ‘ক’ তালিকায় ঢোকানোর চেষ্টা চালানো হচ্ছে।

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন পরিস্থিতি ও করণীয় শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। তাঁরা বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে যে অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নের প্রক্রিয়া ‘সাপলুডু খেলার প্যাঁচে’ পড়েছে, যেখানে ৯৯-এর ঘরে গিয়ে সাপের ছোবলে ১-এ ফিরে আসতে হয় খেলোয়াড়কে। ঠিক সেভাবেই রায় পেয়েও সম্পত্তি পাওয়া যাচ্ছে না।

গতকাল বুধবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, সাম্প্রদায়িকতার সঙ্গে দুর্নীতি যুক্ত হয়ে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের এই পরিস্থিতি সৃষ্টি করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে শুধু সরকারের অপেক্ষায় না থেকে তিনি লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সরকারি উদ্যোগে জাতীয় ও জেলা পর্যায়ে বাস্তবায়ন সেল গঠনের সুপারিশ করেন। তিনি বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ সম্পর্কে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষে রিট করা যেতে পারে বলে অনুশাসন দেওয়ার দরকার কেন হলো তা বোধগম্য নয়।

এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ৯টি বেসরকারি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল’। বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল অনুষ্ঠানে সভাপতি ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন। আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। তাতে বিষয়টির ঐতিহাসিক পটভূমি থেকে বর্তমান পর্যায় পর্যন্ত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, সরকার রিট করতে পারে বলে অজুহাত দেখিয়ে ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন না করা অসমীচীন। আর সরকার রিট করতে পারে যদি কোনো অনুশাসন দেওয়া হয়ে থাকে, সেটিও অনাবশ্যক। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের বর্তমান অবস্থা নিরসনের জন্য জাতীয় ও জেলা পর্যায়ে বাস্তবায়ন সেল গঠন করা হলে সুফল পাওয়া যেতে পারে বলেও তিনি মত প্রকাশ করেন।

অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সভাপতি কামাল লোহানি বলেন, এটা খুবই দুঃখজনক যে একটি কালো আইন নিয়ে ৫২ বছর ধরে কথা বলতে হচ্ছে। এ নিয়ে শুধু বৈঠক, মতবিনিময় করে এখন আর কোনো লাভ হবে না। লড়াইয়ের জন্য তৈরি হওয়া দরকার।

আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সময় এ দেশে বসবাসরত পাকিস্তানিদের সম্পত্তি ‘অ্যাবান্ডন’ ঘোষণা করা হয়েছিল। ১৯৮৫ সালে একটি আদেশ জারি করে সরকার তা প্রত্যাহার করে। কিন্তু অর্পিত সম্পত্তির বিষয়টি ৫২ বছরেও সুরাহা হচ্ছে না। অবস্থা দেখে মনে হয়, অর্পিত সম্পত্তি আইনের শতবর্ষও পালন করতে হবে।

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আলোচনা শুরু হয়। অন্যান্যের মধ্যে সিপিবির নেতা রুহিন হোসেন, আইনজীবী তবারক হোসেইন, পূজা উদ্‌যাপন পরিষদের নেতা কাজল দেবনাথ, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ সরেন, আইনজীবী এস এম রেজাউল করিম, মনীন্দ্র নাথ সরকার, জয়ন্তী রায়, স্বপ্না রানি বিশ্বাস প্রমুখ আলোচনায় অংশ নেন।

সভাপ্রধানের বক্তব্যে সুলতানা কামাল বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের বিষয়ে তাঁরা সরকারের সদিচ্ছার স্পষ্ট প্রতিফলন দেখতে চান। অন্যদিকে বিষয়টির সুরাহার জন্য মুক্তিযুদ্ধের চেতনাধারী সব রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ উদ্যোগ আশা করেন। আর সবাই মিলে সংগ্রাম অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি। সুলতানা কামাল অভিযোগ করেন, সরকার এখন হেফাজত, তরিকতদের বেশি ঘনিষ্ঠ মনে করে। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার মুক্তিযুদ্ধের চেতনাধারী শক্তিকে আজ মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। সরকারের এই আচরণে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে এর নিন্দা জানান তিনি।