'সাফল্যের কোনো সহজ পথ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্যের কোনো সহজ পথ নেই। সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের কষ্ট, পরিশ্রম, ত্যাগ-তিতিক্ষা। তরুণদের উদ্দেশে এসব কথা বলেন এভারেস্টজয়ী দেশের প্রথম নারী নিশাত মজুমদার।
গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ভার্টিক্যাল ড্রিমার্স নামে পর্বতারোহীদের একটি সংগঠনের এক বছর পূর্তি উৎসবে প্রধান বক্তা ছিলেন নিশাত মজুমদার। অনুষ্ঠানে এভারেস্ট জয়ের গল্প শোনান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পর্বতারোহী মীর শামসুল আলম।
নিশাত মজুমদার বলেন, এভারেস্ট জয়ের স্বপ্নটা দিনে দিনে পূরণ হয়নি। স্বপ্ন পূরণের লক্ষ্যে ২০০৩ সাল থেকে নিয়মিত অনুশীলনে অংশ নিতেন। পর্বতে পর্বতে ঘুরে বেড়ান। ২০১২ সালে এসে তাঁর স্বপ্ন বাস্তবে ধরা দেয়। তিনি বলেন, সাফল্য অর্জনে প্রথমে স্বপ্ন দেখতে হবে। তারপরই সাহস দেখানোর পালা। এভাবেই এগোতে হবে।
এ দেশে পর্বত আরোহণ নিয়ে প্রথম দিকে যাঁরা কাজ শুরু করেছিলেন, তাঁদের জীবনের গল্পসহ নিজের নানা অভিজ্ঞতার কথা শোনান মীর শামসুল আলম
অনুষ্ঠানে বক্তব্যের পর্বতারোহণের ভিডিও ও স্থিরচিত্র দেখানো হয়।
বিশ্বজিৎ চৌধুরী বলেন, রাজনীতিকেরা যতই আশাহত করুক না কেন, তরুণদের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। বাধা সত্ত্বেও নারীরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন। কেউ কেউ এভারেস্টের চূড়ায় উঠেছেন। এসব বিরাট অর্জনের ইঙ্গিত।