'সাবধান করেছিলাম যাতে আটক-বাণিজ্য না হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সাঁড়াশি অভিযান বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘এমন কোনো আটক–বাণিজ্য যাতে না হয়, আগেই তার সাবধানবাণী উচ্চারণ করেছিলাম। পুলিশের মহাপরিদর্শক তখন অসহনীয় মন্তব্য করেছেন।’

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে কারাগারের বাইরে এসে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন মিজানুর রহমান। কমিশনে আসা কারাগার–সংক্রান্ত বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা এবং বর্তমানে পুলিশের আটক অভিযানে কারাগারে তার প্রভাব কেমন পড়েছে, তা দেখতে কমিশনের একটি প্রতিনিধিদল আজ কারাগারে পরিদর্শনে যায়।

মিজানুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীও একই ধরনের সাবধানবাণী উচ্চারণ করেছেন। কমিশনের চেয়ারম্যান নাহয় না বুঝে মন্তব্য করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী তা আর না বুঝে সাবধানবাণী উচ্চারণ করেননি। তিনি বুঝে–শুনেই বলেছেন।’

কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে বন্দীদের চালান দেওয়ার ক্ষেত্রে একটি নীতিমালা থাকা উচিত উল্লেখ করে মিজানুর রহমান বলেন, কোনো বাণিজ্যের কারণে যাতে কাউকে চালান দেওয়া না হয়, তা দেখতে হবে। একইভাবে কারও প্রতি যদি শুভদৃষ্টি না থাকে, তাকে শাস্তি দেওয়ার জন্য টয়লেটের পাশে যাতে ঘুমাতে না দেন, কেউ যেন স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে এ ধরনের আচরণ না করেন, সে দিকটি দেখতে হবে।

সারা দেশের আটক অভিযান প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, এ অভিযানের কোনো প্রভাব কেন্দ্রীয় কারাগারে পড়েনি। ফলে বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে না।

মিজানুর রহমান বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ধারণক্ষমতা আছে ২ হাজার ৬০০ জনের। তবে সেখানে আছে ৭ হাজার ৩২৮ জন। অর্থাৎ এখানে তিন গুণ বেশি বন্দী আছেন। ফলে এখানে কতটুকু সেবা দেওয়া যেতে পারে, তা সবাই বুঝতে পারছেন। এক মাস পরেই কারাগারটি কেরানীগঞ্জে স্থানান্তরিত হবে। কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে, চলেই তো যাব, সেবার মান উন্নত করে কী লাভ— এ ধরনের একটি ভাবও বিরাজমান।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মিজানুর রহমান বলেন, এ ধরনের হত্যাকাণ্ড ঘটলে কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তদন্ত প্রতিবেদন চায়। মন্ত্রণালয় অনেক ক্ষেত্রে উত্তর দেয়, অনেক ক্ষেত্রে দেয় না। ২২ বার চিঠি দেওয়ার পরও কিছু জানায়নি এমন ঘটনাও ঘটেছে। কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে সে ধরনের তালিকা জমা দেওয়া হয়েছে।

কারাগারের সেবার মান : কারাগারের সেবার মান নিয়ে বিভিন্ন ক্ষেত্রেই ‘আহত’ হয়েছেন বলে উল্লেখ করেন মিজানুর রহমান। তিনি বলেন, কারাগারের দালান পুরোনো ঠিক আছে। কিন্তু রোগীদের বেডশিটও যদি পরিষ্কার না থাকে, এটাতো দৃশ্যমান, তাহলে অদৃশ্যমান সেবার মান নিয়ে প্রশ্ন থেকে যায়। বন্দীরা অভিযোগ করবেন না এটা সবার জানা। রমজান মাসে অনেকেই বিভিন্ন কারণে রোজা রাখতে পারেন না। সকাল সাড়ে ১০টার সময়ও যদি একজন অন্তঃসত্ত্বা নারী সকালের নাশতা না পান, তবে তা ওই নারী ও গর্ভের শিশুর মানবাধিকার লঙ্ঘন হয়। এ ছাড়া সেহ্‌রিতে যে খাবার, তা–ই পরে আবার সকালবেলা দেওয়া কতটা স্বাস্থ্যসম্মত, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, এতে করে সেবার মানে ঘাটতি থেকেই যাচ্ছে।

সৌন্দর্যচর্চা নিয়ে প্রশ্ন : মিজানুর রহমান কারাগার পরিদর্শনের সময় নারী বন্দীদের প্রশিক্ষণের বিভিন্ন জায়গাও পরিদর্শন করেন। তিনি বলেন, ভেতরে নারী বন্দীদের প্রশিক্ষণের জন্য একটি বিউটি পারলার আছে। তবে তাতে বাতি জ্বলে না। অন্ধকারের মধ্যে কী সৌন্দর্য চর্চা হয়? এ ছাড়া প্রশিক্ষণের জন্য সেখানে দুটি কোটা ছাড়া আর কিছু নেই। একইভাবে সেলাই প্রশিক্ষণের জন্য ছয়টি মেশিনের মধ্যে একটিতে শুধু সুতা লাগানো। অন্যগুলো সাজিয়ে রাখা হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, কেরানীগঞ্জে নারীদের প্রশিক্ষণের আধুনিক ব্যবস্থা থাকবে।

মিজানুর রহমান নারী বন্দীদের চিকিৎসার জন্য নারী চিকিৎসক নিয়োগের কথা বলেন এবং কারাগারের ভেতরেই যাতে সুচিকিৎসার ব্যবস্থা থাকে সে বিষয়টিতে গুরুত্ব দেন।