'সাভারকে দুর্নীতিমুক্ত করলে রানা প্লাজা দুর্ঘটনার দুর্নাম ঘুচবে'
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, ‘সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির জন্য আমরা সারা বিশ্বে যে দুর্নাম কুড়িয়েছি, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে সাভারকে দুর্নীতিমুক্ত করতে পারলে কিছুটা হলেও সেই দুর্নাম ঘুচবে৷’
সাভারের পার্বতীনগরে মামুন পার্টি প্যালেস অ্যান্ড কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার সকালে আয়োজিত সততা সংঘের সমাবেশ ও দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বদিউজ্জামান৷ তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবেই এ দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না৷ নির্বাচন এলেই রাজনৈতিক নেতারা যেসব প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় আসার পর সেগুলো ভুলে যান৷ তাঁরা যদি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতেন, তা হলে তাদের অধীনরাও ভেবেচিন্তে দুর্নীতি করতেন৷ দেশের তরুণ সমাজকে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে সচেতন করতে পারলেই দুর্নীতি কমানো সম্ভব৷
অনুষ্ঠান শেষে রানা প্লাজার মালিক সোহেল রানার সম্পদ নিয়ে কমিশনের তৎপরতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, কমিশনের পক্ষ থেকে সোহেল রানার সব সম্পদ অনুসন্ধান করা হচ্ছে৷ কিন্তু তিনি কারাগারে থাকায় তাঁকে নোটিশ দেওয়া সম্ভব হচ্ছে না৷ তাই আইনি প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে চলছে৷
সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শওকত আলী মাহমুদের সভাপতিত্বে সততা সংঘের সমাবেশে আরও উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক মো. শামসুল আরেফিন ও দুদকের ঢাকা বিভাগের পরিচালক মেজর এমরানুল হক শাহ৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান৷