‘সাভারের ভবনধস দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিকের উন্মত্ত মুনাফার বলি হয়েছেন শত শত পোশাকশ্রমিক। পোশাক কারখানায় এর আগেও সংঘটিত এ ধরনের হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় আবারও এ ঘটনা ঘটেছে। সাভারে ভবনধস কোনো দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড।গতকাল রোববার বিকেলে সাভারের রানা প্লাজায় ধসে ‘হত্যাকাণ্ডের’ প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। পিপলস ভয়েস ও জনউদ্যোগ নামের দুটি বেসরকারি সংগঠনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন পিপলস ভয়েসের সংগঠক আতিকুর রহমান। সমাবেশে বক্তব্য দেন পিপল্স ভয়েসের সভাপতি ও সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগের আহ্বায়ক শরীফ চৌহান, জনউদ্যোগের সংগঠক শ্যামল মজুমদার, নাট্যজন প্রদীপ দেওয়ানজী ও পিপল্স ভয়েসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী।সমাবেশে শরীফ চৌহান বলেন, দলীয় লেবাসে যাতে কেউ এ হত্যাকাণ্ডের দায় থেকে মুক্তি না পায় এর জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। নিহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া ও আহত ব্যক্তিদের পুনর্বাসন করতে হবে।নাট্যজন প্রদীপ দেওয়ানজী গার্মেন্টস মালিকদের লাগামহীন লোভের সমালোচনা করে বলেন, যে শ্রমিকেরা নিজেদের শ্রম-ঘাম দিয়ে দেশের অর্থনীতি টিকিয়ে রেখেছে তাদের প্রতি আরও মানবিক হতে হবে। অধ্যাপক ইদ্রিস আলী বলেন, গার্মেন্টস মালিকেরা লাভের জন্য যতটা অস্থিরতা দেখান শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে তার ছিটেফোঁটাও দেখান না। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগের সদস্য সালমা জাহান মিলি, খেলাঘর সংগঠক আবুল ফজল, স্বপন মজুমদার, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি রবিউল হাসান, সাধারণ সম্পাদক আহসান হাবিব, সোহেল আহমদ, খেলাঘর সংগঠক রুবেল দাশ প্রমুখ।