'সামনে পরীক্ষা, এখন আমরা কনে যায়া পড়ব?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার পথে পাবনার বেড়া উপজেলার পূর্ব শ্রীকণ্ঠদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। গতকাল দুপুরে ছবিটি তুলেছেন বরুন রায়
যমুনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার পথে পাবনার বেড়া উপজেলার পূর্ব শ্রীকণ্ঠদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। গতকাল দুপুরে ছবিটি তুলেছেন বরুন রায়

নদীভাঙনের কবলে পড়েছে বেড়া উপজেলার পূর্ব শ্রীকণ্ঠদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতি ও শুক্রবারের ভাঙনে ইতিমধ্যেই বিদ্যালয়ের একাংশ যমুনায় বিলীন হয়েছে। আর গতকাল শনিবার নদী ছুঁয়ে ফেলেছে বিদ্যালয়ের দ্বিতল ভবনকে। যেকোনো মুহূর্তে ভবনসহ গোটা বিদ্যালয়টি নদীতে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এলাকার অনেকে জানান, উপজেলার যমুনার চরে অবস্থিত পূর্ব শ্রীকণ্ঠদিয়া গ্রামে নদীভাঙন দেখা দেয় মাস দেড়েক আগে। এই সময়ের মধ্যে গ্রামের শতাধিক পরিবার ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ভাঙন অব্যাহত থাকায় গোটা গ্রামটিই এখন হুমকির মুখে। বুধবার নদীভাঙনে বিদ্যালয়ের পাশের কমিউনিটি ক্লিনিক ভবনটি যমুনায় হারিয়ে যায়। বৃহস্পতিবার ভাঙনের কবলে পড়ে পূর্ব শ্রীকণ্ঠদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙনের তীব্রতা দেখে বিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি করে ওই দিন টিনের স্কুলঘরটি ভেঙে অন্যত্র সরিয়ে নেয়। শুক্রবারের মধ্যেই স্কুলঘরের জায়গা ও খেলার মাঠ নদীতে বিলীন হয়।
নদী ভাঙতে ভাঙতে গতকাল বিদ্যালয়ের দ্বিতল ভবনটি ছুঁয়ে ফেলেছে। এই অবস্থায় যেকোনো মুহূর্তে ভবনসহ বিদ্যালয়ের বাকি অংশ নদীতে বিলীন হতে পারে।
গতকাল দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায়, আর বিদ্যালয়ের ভবন থেকে জানালা, লোহার গ্রিলসহ অন্যান্য সামগ্রী খুলে নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে সব আসবাব। বিদ্যালয়ের ২০-২৫ জন শিক্ষার্থীকে মনমরা হয়ে বিদ্যালয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। এদের কয়েকজনকে আবার চোখের জল মুছতে দেখা যায়। চোখের সামনে প্রিয় বিদ্যালয়টি হারিয়ে যেতে দেখে ওদের এই অবস্থা।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বুধবারেও বিদ্যালয়টিতে পাঠদান হয়েছে। অথচ গতকাল পাঠদানের করার কোনো উপায় ছিল না। চোখ মুছতে মুছতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মামুনুর রশীদ (রোল-১) বলে, ‘সামনে শিক্ষা সমাপনী পরীক্ষা। এখন আমরা কনে যায়া পড়ব?’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘প্রতিটি মুহূর্তই চরম টেনশনে (দুশ্চিন্তা) কাটছে, না জানি কখন কী হয়। বিদ্যালয়টি বিলীন হয়ে গেলে সাড়ে পাঁচ শ শিক্ষার্থীর পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়বে। তার পরেও আমরা পাশের কোথাও ছাপড়া ঘর তুলে অথবা প্রয়োজনে গাছতলায় বসে হলেও শিক্ষার্থীদের পাঠদান করব।’
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আহমদ আলী বলেন, ‘নদী যেভাবে দ্বিতল ভবনটি ছুঁয়ে ফেলেছে, তাতে ভবনটি বিলীন হতে খুব বেশি সময় বাকি নেই। আমরা ইতিমধ্যে একটি বিকল্প স্থান নির্বাচন করে রেখেছি। সেখানে ভেঙে নেওয়া স্কুলঘরের টিন ও খুঁটি দিয়ে ছাপড়া ঘর তৈরি করে হলেও পাঠদানের ব্যবস্থা করা হবে। আর পাউবো যদি এখনো কোনো উদ্যোগ নেয়, তবে ভাঙন ঠেকানো যাবে বলে আমরা মনে করি।’
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়া শাখার নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বলেন, চরাঞ্চল হওয়ায় ওই এলাকায় ভাঙনরোধের ব্যাপারে পাউবোর কিছু করার নেই। কারণ, পাউবোর নীতিমালায় চরাঞ্চলে ভাঙনরোধের কোনো কার্যক্রম নেই।