'সামনের দিনগুলো কীভাবে যাবে বুঝতেছি না'
প্রায় দেড় মাসের বেশি সময় ধরে টানা অবরোধ ও হরতালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মাইক্রোবাসচালকেরা গাড়ি চালাতে না পেরে অলস সময় পার করছেন। পরিবারের খরচ মেটাতে ইতিমধ্যেই দায়দেনা হয়েছে গেছে অনেকের।
উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা তাড়াইল উপজেলা মাইক্রোবাস চালক সমিতির সাধারণ সম্পাদক আলম মিয়া (৩৮) ক্ষোভের সঙ্গে বলেন, ‘দেড় মাসের অধিক সময় ধরে অবরোধ-হরতালে গাড়ি বসে থাকায় জং (মরিচা) ধরে গেছে। পেট তো সেটা বোঝে না। ছয় সদস্যের পরিবারের ভরণপোষণ করতে গিয়ে দেনায় জড়িয়ে গেছি। সামনের দিনগুলো কীভাবে যাবে বুঝতেছি না।’
জানা গেছে, তাড়াইলে ভাড়ায় চালিত মোট ১৮টি মাইক্রোবাস রয়েছে। এর মধ্যে দুটি গাড়ির চালক নিজেই মালিক। বাকি ১৬টি চালক দিয়ে চালান মালিকেরা। হরতাল-অবরোধের আগে প্রতি মাসে গড়ে ১৫ থেকে ১৬ হাজার টাকা রোজগার করতেন এসব চালক। এখন তা নেমে এসেছে পাঁচ থেকে ছয় হাজারে। চালকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাইক্রোবাসের মালিকেরা।
নিজের গাড়ি চালান বিজয় দাস (৩৬)। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, ‘প্রায় ১০ দিন বসে থাকার পর আজ একটি বিয়ের ভাড়া নিয়ে পাশের উপজেলায় যাচ্ছি। ঠিকমতো ফিরতে পারব কি না, তা অবশ্য জানি না। এভাবে চলতে থাকলে সামনের দিনে কী হবে, তা সৃষ্টিকর্তাই জানেন।’
নাম প্রকাশ না করার শর্তে একাধিক মাইক্রোবাসের মালিক বলেন, কয়েক লাখ টাকা খরচ করে মাইক্রোবাস কিনেছেন। এই মাইক্রোবাস ভাড়া খাটিয়েই তাঁরা সংসার চালান। এত দিন মোটামুটি ভালোই চলছিল। কিন্তু অবরোধ-হরতালে যে পরিস্থিতি, তাতে গাড়ি চালাতে যে খরচ, তা-ই ওঠে না।
উপজেলা মাইক্রোবাস চালক সমিতির সভাপতি সাচাইল গ্রামের বাসিন্দা হীরা মিয়া (৩৭) বলেন, ‘ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় ভাড়ায় যাত্রী নিয়ে যেতাম। এখন আশপাশের এলাকা ছাড়া অন্য কোথাও যেতে সাহস পাই না।’
তিনি আরও বলেন, ‘দূরের রাস্তায় গাড়ি চালাতে না পারলে ভবিষ্যতে উপোস থাকা ছাড়া আর কোনো গতি নেই আমাদের।’