'সামরিক শাসন এড়াতে সব দলকেই নির্বাচনে আসতে হবে'
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সব দল নির্বাচনে না এলে উত্তর পাড়া প্যারেড করে ক্ষমতা দখল করে নেবে। যতই মতপার্থক্য থাকুক না কেন, সামরিক শাসন এড়াতে সব দলকেই নির্বাচনে অংশ নিতে হবে।
গতকাল বৃহস্পতিবার ফরিদপুরে বাংলাদেশ কৃষক সমিতির দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
ফরিদপুর পৌরসভার অম্বিকা ময়দানে সমিতির সভাপতি মোর্শেদ আলীর সভাপতিত্বে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণকৃষকনেতা আবদুল মালিক।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আপাতদৃষ্টিতে মনে হতে পারে দেশ আওয়ামী লীগ ও বিএনপি দুই ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু এ ভাগ লোক দেখানো। আসল ভাগ হলো শোষক ও শোষিতের ভাগ। শোষিতের পক্ষে দেশের ৯৫ ভাগ মানুষ রয়েছে, তাদের ন্যয্য হিস্যা দিতে হবে।
মুজাহিদুল ইসলাম বলেন, দেশের মানুষ আজ আওয়ামী লীগের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপিকে আনা হলে তা হবে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দেওয়া।
অনুষ্ঠানে সর্বভারতীয় কৃষাণ সভার পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সৈয়দ নূরুল হুদা বলেন, শুধু বাংলাদেশ ও ভারতের কৃষকই নন, সমগ্র পৃথিবীর কৃষকেরা আজ আক্রান্ত। ধনতন্ত্রের বিকাশের কারণেই আক্রান্ত হচ্ছে কৃষি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুধীন সরকার, এ কে রুহুল আমিন, রফিকুজ্জামান, মানিক মজুমদার, হাসান হাফিজুর রহমান, কাজী সাজ্জাদ চন্দন।