'সামাজিক আন্দোলনই পারে পথশিশুমুক্ত বাংলাদেশ গড়তে'
পথশিশুমুক্ত বাংলাদেশ গড়তে জনসচেতনতার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত কার্যক্রম জরুরি। আজ রোববার কেরানীগঞ্জ আগানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত পথশিশুদের সুরক্ষা ও জীবিকায়ন বিষয়ক এক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
আগানগর ইউপি চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর শাহ খুশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ ও যুগ্ম সচিব জনাব শেখ ইউসুফ হারুন। বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর শাবেল ফিরোজ।
সভায় স্বাগত বক্তব্য দেন ইসলামিক রিলিফ বাংলাদেশের শিশুকল্যাণ বিভাগের প্রধান সাইদুল আলম। প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন সংস্থার সমন্বয়কারী রাফাতুর রহমান রুবা ও খাবিরুল হক কামাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মো. ফখরুল আশরাফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদ সুলতানা প্রমুখ।