'সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দিন'

ফেসবুক খুলে দিন। আমাদের কথা বলার সুযোগ দিন। এমন দাবিতে লেখক-শিল্পী-অনলাইন ব্যবসায়ী-অ্যাকটিভিস্ট ফোরাম গতকাল এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, আমাদের বাক্স্বাধীনতা হরণ করবেন না।
গতকাল জাতীয় জাদুঘরের সামনে বেলা তিনটায় সংস্থাটির পক্ষ থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো খুলে দিতে সরকারের প্রতি আবেদন জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকার অযৌক্তিক কারণ দেখিয়ে আজ দীর্ঘ ১৬ দিন ফেসবুক বন্ধ রেখেছে। জানানো হচ্ছে, ফেসবুকের মাধ্যমে অপকর্ম সংঘটিত হচ্ছে। কিন্তু সরকার ফেসবুকের উপকারী দিকটা দেখছে না। ফেসবুকের মাধ্যমে সরকার নয় বরং স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীই বেশি উপকৃত হচ্ছে বলে সমাবেশে বক্তারা মত প্রকাশ করেন। এখন অনেকেই বিভিন্ন উপায়ে ফেসবুকে সক্রিয় আছে উল্লেখ করে বলা হয়, প্রযুক্তিকে আটকে রাখা সম্ভব নয়।
সমাবেশে বলা হয়, দেশকে ডিজিটালাইজড করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা সরকারের কাছে এমন প্রযুক্তি-প্রতিবন্ধকতা কাম্য নয়।
সরকার ভিওআইপি ব্যবসায়ীদের পকেট ভারী করছে উল্লেখ করে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে সরকার মূলত ভিওআইপি ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে।
আলোচনায় বলা হয়, গত ১৬ দিন ফেসবুক বন্ধ রাখায় কয়েক হাজার ব্যবসায়ী, যাঁরা ফেসবুকের মাধ্যমে তাঁদের ব্যবসা চালিয়ে থাকেন, তাঁরা আজ পথে বসতে শুরু করেছেন। সব দিক বিবেচনা করে অতি দ্রুত ফেসবুকসহ বন্ধ রাখা সব সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো খুলে দিতে সরকারের প্রতি আবেদন জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন এহসান, মুক্তিযোদ্ধা গণপরিষদের নির্বাহী পরিচালক শেখ বাতেন, উন্মুক্ত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মেরীলিনা সরকার প্রমুখ।