‘মাছ চাষে গড়ব দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নানা অনুষ্ঠানমালায় গতকাল বুধবার চট্টগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সকালে শোভাযাত্রা বের করার পাশাপাশি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এর আগে সার্কিট হাউসের সম্মেলনকক্ষে মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। এ ছাড়া সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক এম আই গুলদার, জেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক, আওয়ামী মৎস্যজীবী লীগের সহসভাপতি আমিনুল হক সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, মিঠা পানির মাছ উৎপাদনের পাশাপাশি সামুদ্রিক মৎস্য সম্পদ বাড়ানোর দিকে মনোযোগী হতে হবে। দেশের জাতীয় আয়ে ভূমিকা রাখছে মৎস্য সম্পদ। জাটকা ও মা ইলিশ ধরা বন্ধ রাখতে হবে।
পরে সকাল ১১টায় সার্কিট হাউসের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এরপর আসকারদীঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়।