‘সাম্প্রদায়িক বিভেদ নয়, চাই সম্প্রীতি, সহাবস্থান’ স্লোগান সামনে রেখে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানে মানববন্ধন হয়েছে। প্রথম আলো নেত্রকোনা বন্ধুসভা গত সোমবার দুপুর ১২টায় নেত্রকোনা সরকারি কলেজ ফটকের সামনে আধা ঘণ্টার এ মানববন্ধন করে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, একটি সভ্য জাতির দেশ হিসেবে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা অত্যন্ত ন্যক্কারজনক। ভবিষ্যতে আর যাতে কোনো সাম্প্রদায়িক হামলা না ঘটে, সে লক্ষ্যে দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
বন্ধুসভার এ কর্মসূচিতে সংগঠনের সদস্যরা ছাড়াও এলাকার সাধারণ শিক্ষার্থী ও সুধীজনেরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়া, প্রথম আলোর নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহাম্মদ খায়রুল হক, বন্ধুসভার সাধারণ সম্পাদক এস এম বাচ্চু, বন্ধু সংগীতা সরকার, নিহার সরকার, আনিসুর রহমান প্রমুখ।