‘সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করুন’
‘আইন করে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করুন’—সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ’ আয়োজিত মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়।মানববন্ধন চলাকালে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক কলমদর আলীর সভাপতিত্বে ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য সিকান্দর আলীর সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আরশ আলী, ন্যাপের জেলা সভাপতি সৈয়দ আবদুল হান্নান, জাসদের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, উদীচীর সভাপতি এ কে শেরাম, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ইউনিটের ত্রাণ ও জনকল্যাণ সম্পাদক মুক্তিযোদ্ধা কুটি মিয়া প্রমুখ।বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করছে। এ অবস্থায় জামায়াত-শিবিরের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি সরকারকে আইন করে বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।