'সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে'
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নীলফামারী শহরের হারোয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার রাতে ‘সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। দেশকে আরও এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টায় মানুষের মনে শান্তি, বিশ্বাস, সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তা না হলে সব উন্নয়ন কর্মকাণ্ড থমকে যাবে।
জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে আদর্শ উচ্চবিদ্যালয়ের সহযোগিতায় ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরকার কবীর প্রমুখ।
আলোচনা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সরকারের উন্নয়নের বাস্তব চিত্র মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রদর্শন করা হয়।