‘সাম্প্রদায়িক সম্প্রীতি সিলেটের ঐতিহ্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সুফি-দরবেশরা ইসলামের প্রচারক ছিলেন। তাঁদের দরবারে সব জাতিধর্মবর্ণ-নির্বিশেষে মানুষের সমান যাতায়াত ছিল। হজরত শাহজালাল (রহ.)-এর সিলেট বিজয় ও তাঁর মাজার ঘিরে সম্প্রীতির এক ঐতিহ্যবাহী বন্ধন রচিত হয়েছে। সব ধর্মের মানুষই হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে মানসিক প্রশান্তি পান। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি সিলেটের অনন্য ঐতিহ্য। সম্প্রীতির এই ঐতিহ্য ধরে রাখতে হবে। সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে দুই দিনব্যাপী ৬৯৩তম পবিত্র ওরস উপলক্ষে গতকাল শনিবার ‘সিলেট অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি ও প্রকৃতি রক্ষা আন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ মতামত ব্যক্ত করেন। সন্ধ্যায় নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে আয়োজিত ‘সিলেটের ঐতিহ্যগত সাম্প্রদায়িক সম্প্রীতিতে হজরত শাহজালাল (রহ.)-এর প্রভাব’ শীর্ষক অলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক সৈয়দ বজলুল করিম। প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল। আলোচনা সভার আয়োজক সংগঠনের পক্ষে স্বাগত বক্তব্য দেন আবদুল করিম। আলোচনা সভায় সিলেটের ক্যাথলিক চার্চের বিশপ প্রধান বিজয় এনডি ক্রোস, সিলেটের রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ চন্দ্রনাথানন্দ, সিলেট বৌদ্ধবিহারের অধ্যক্ষ শ্রীমত অভিজ্ঞানন্দ ভিক্ষু, ইমাম প্রশিক্ষণ ও ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক শাহ মো. নজরুল ইসলাম এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত ভট্টাচার্য মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন। আজ ভোরে শেষ হবে ওরস: সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে দুই দিনব্যাপী ৬৯৩তম পবিত্র ওরস আজ রোববার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। গত শুক্রবার রাতে খতমে কোরআনের মাধ্যমে পবিত্র ওরস শুরু হয়। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে রাতভর জিকির-আজকার শেষে গতকাল সকাল ১০টায় শুরু হয় মাজারে গিলাফ ছড়ানোর আনুষ্ঠানিকতা। রাত ১১টা থেকে মিলাদ ও জিকির-আজকার শেষে রোববার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে ৬৯৩তম ওরসের সমাপ্তি ঘোষণা হবে। মোনাজাত শেষে ভোর থেকে সকাল পর্যন্ত মাজার এলাকায় শিরনি বিতরণ চলবে। খালেদা জিয়ার গিলাফ: ওরসে গতকাল ঐতিহ্যবাহী গিলাফ ছড়ানোর অনুষ্ঠানিকতায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেওয়া একটি গিলাফ মাজারে ছড়ানো হয়েছে। গতকাল সকালে খালেদা জিয়ার পক্ষে গিলাফ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হকসহ বিএনপির নেতারা মাজারে যান এবং আনুষ্ঠানিকভাবে গিলাফ ছড়ান।