'সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের মূল দায়িত্ব সরকারের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন-পরবর্তী সাম্প্রদায়িক সহিংসতা কঠোর হস্তে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকেরা। এটি করতে ব্যর্থ হলে বর্তমান সরকার ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেন তাঁরা।
ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার নগরের চেরাগীর পাহাড় মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। জেগে ওঠো বাংলাদেশ, নারী প্রগতি সংঘ ও জন উদ্যোগ যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
ক্ষমতাসীন দলকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনারা যেহেতু ক্ষমতায় আছেন, সহিংসতা ঠেকানোর মূল দায়িত্ব আপনাদের। সমাবেশে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, যারা ইসলামের নামে অন্য ধর্মের ওপর আক্রমণ চালায়, তারা ইসলামের শত্রু, তারা দেশ ও গণতন্ত্রের শত্রু।
তেল, গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব দেলোয়ার মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স দেখাবেন। অবিলম্বে এ ঘোষণার কার্যকারিতা দেখতে চাই।’
মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘সাম্প্রদায়িক সহিংসতা ঠেকানোর মূল দায়িত্ব নির্বাচিত এমপিদের।’
জেগে ওঠো বাংলাদেশের সংগঠক হাসান ফেরদৌসের সভাপতিত্বে এবং সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগের আহ্বায়ক শরীফ চৌহানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নারী নেত্রী নূরজাহান খান, রেহানা কবির রানু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।