‘সাম্প্রদায়িকতার অন্ধকার কাটুক সম্প্রীতির আলোয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধপল্লিতে হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশে গতকাল শনিবার সন্ধ্যায় সিলেটে মোমবাতি প্রজ্বালন করে মানববন্ধন করেছে টিআইবির (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) সচেতন নাগরিক কমিটি। ‘সম-অধিকার ও সম্প্রীতির আলোয় কাটুক সাম্প্রদায়িকতার অন্ধকার’ স্লোগানে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে সিলেটের প্রবীণ রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য, আরশ আলী, লোকমান আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল খালিক, এই সংগঠনের সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম, নারী জোটের সভানেত্রী শামীমা আক্তার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা একাত্ম হন। প্রায় আধা ঘণ্টা চলা মানববন্ধনের মাধ্যমে সব ধর্মের সমান অধিকার ও অসাম্প্রদায়িক চেতনা গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানানো হয়।সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী মানববন্ধন চলাকালে বক্তৃতায় বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, নিরাপত্তাসহ লুণ্ঠন হওয়া পুরাকীর্তি উদ্ধারের দাবি জানান।