'সাম্প্রদায়িকতার চূড়ান্ত রূপ জঙ্গিবাদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে সবাইকে এক হতে হবে। সাম্প্রদায়িকতার চূড়ান্ত রূপ জঙ্গিবাদ। একই সঙ্গে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নেও সবাইকে একজোট হতে হবে। ‘জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধ এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের গুরুত্ব’ শীর্ষক 

আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

 গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ সভা হয়। বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘এখন সরব, সতর্ক হওয়ার সময়। জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে সবাইকে এক হতে হবে। সবাই এক হলে জয়ী হব।’ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নেও সবাইকে এক হতে আহ্বান জানান তিনি।

মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, সাম্প্রদায়িকতা মাথা থেকে বের করতে না পারলে জঙ্গিবাদের বীজের মূলোৎপাটন করা যাবে না। একাত্তরের মতো সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিহত করতে হবে।

আইনজীবী সারা হোসেন বলেন, জঙ্গিবাদ দমনের নামে যাতে কারও মৌলিক অধিকার ক্ষুণ্ন না হয়। তিনি বলেন, ‘আমরা অবশ্যই জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার। আমরা চাই দেশ জঙ্গিমুক্ত হোক। তবে জঙ্গিবাদ দমনের নামে বা মুক্তিযুদ্ধের চেতনা জিইয়ে রাখার নামে এমন কিছু করা যাবে না যাতে মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়।’ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের তাগিদ দিয়ে তিনি বলেন, ‘এটি আমাদের জন্য বিশাল লজ্জা। এর ফলে প্রমাণ হয়েছে বাংলাদেশ বৈষম্যমূলক রাষ্ট্র।’

সভায় জ্যেষ্ঠ আইনজীবী রানা দাশগুপ্ত ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের গুরুত্ব’ শীর্ষক লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, সাম্প্রদায়িকতার চূড়ান্ত রূপ জঙ্গিবাদ। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার সাড়ে চার দশক অতিবাহিত হতে না হতেই জঙ্গিবাদ বাংলাদেশের মানচিত্র খামচে ধরার চেষ্টা করছে।

প্রবন্ধে রানা দাশগুপ্ত বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ সহসভাপতি পরিমল চন্দ্র বসাকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আইনজীবী তবারক হোসেন, সুব্রত চৌধুরী, মানবাধিকার সংগঠক শামসুল হুদা, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য এরোমা দত্ত, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ইব্রাহিম হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জাহেদ, আইনজীবী ঐক্য পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক অনুপম চক্রবর্তী প্রমুখ।