সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গতকাল শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উভয়কেই সতর্ক করে দেন।
১৮-দলীয় জোটের প্রধান খালেদা জিয়ার উদ্দেশে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে গণতন্ত্র হবে না।’ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার জন্য জামায়াত-শিবিরের পাশাপাশি শাসক দলের নেতা-কর্মীদের নামও আসছে। যদি তারা জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক অভিযোগ করেন, সাম্প্রদায়িক গোষ্ঠী সারা দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে, আর ক্ষমতাসীনেরা এটাকে রাজনীতির উপজীব্য করছে। গত ৪২ বছরে সাম্প্রদায়িক সন্ত্রাসের কারণ খুঁজতে গভীরে যাওয়া হয়নি। সনাতন ধর্মের মানুষদের ভোটের উপজীব্য করা হয়েছে। মানুষ হিসেবে দেখা হয়নি।
যশোরের অভয়নগরে সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কার বিষয়টি পুলিশ জানার পরও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন মান্না। তিনি এ প্রসঙ্গে সহিংসতার সঙ্গে ধর্মান্ধ গোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের জড়িত থাকার বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অভিযোগের কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর প্রয়োজনে কঠোর হওয়ার ঘোষণার কথা তুলে ধরে নাগরিক ঐক্যের আহ্বায়ক প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী কেন কঠোর হতে পারছেন না? প্রশাসনের যেসব স্তরে অবহেলা, উদাসীনতা ছিল, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
প্রচারমাধ্যমে পাঠানো নাগরিক ঐক্যের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মানববন্ধনে গবেষক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, আইনজ্ঞ শাহদীন মালিক ও সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার অংশ নেবেন। কিন্তু তাঁরা কেউ কর্মসূচিতে ছিলেন না। এ ছাড়া সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মানববন্ধন শুরু হয় বেলা ১১টায়। মাহমুদুর রহমান মান্না এসে পৌঁছেন সাড়ে ১১টায়।
সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদ করতে জাতীয় প্রেসক্লাবের সামনে আরও কয়েকটি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন করে। এসব সংগঠনের মধ্যে রয়েছে খেলাঘর আসর, সম্মিলিত পেশাজীবী পরিষদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম ইত্যাদি। এ ছাড়া আচার্য বিবেকানন্দ গোস্বামী আন্তর্জাতিক সেবাশ্রম অনশন পালন করে। এসব আলাদা কর্মসূচি থেকে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়।