'সাম্প্রদায়িক' পাঠ্যবই প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি
‘সাম্প্রদায়িক, বৈষম্যমূলক ও ভুলে ভরা’ পাঠ্যপুস্তক প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। গতকাল মঙ্গলবার সকালে এই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
প্রগতিশীল গণসংগঠনগুলোর ব্যানারে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী ও খেলাঘর যৌথভাবে এই স্মারকলিপি দেয়। এর আগে সংগঠনগুলোর কর্মীরা মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে জমায়েত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এরপর জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের কাছে তাঁরা আট দফা দাবিতে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, গণমাধ্যমকর্মীদের হুমকি দেওয়ায় চরমোনাইয়ের পীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং সাম্প্রদায়িক, বৈষম্যমূলক ও ভুলে ভরা পাঠ্যবই যাঁরা প্রণয়ন করেছেন, তদন্তপূর্বক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ, সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, এস ওয়াজেদ আলী, হুমায়ুন আজাদসহ যেসব লেখকের লেখা পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে, সেগুলো আবার সংযোজন করতে হবে।
স্মারকলিপি দেওয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি চন্দন দাশ, সদস্য সুনীল ধর, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, জেলা যুব ইউনিয়নের সভাপতি রিপায়ন বড়ুয়া ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি গোলাম সরওয়ার।