‘সারা জীবন উদ্বাস্তু হয়েই কাটবে!’
১৯৯০ সালের ১১ ডিসেম্বর পাঁচ সদস্যের পরিবার নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছিলেন মিয়ানমারের নাকফুঁড়া এলাকার ইউপি সদস্য আমির হোসেন। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে (ক্যাম্প) রেখে তিনি নিজে চলে যান চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে। সে সময় মিয়ানমার থেকে নয়াপাড়ায় পালিয়ে আসা কয়েক হাজার শরণার্থীর সঙ্গে ওই ইউপি সদস্যের স্ত্রী রহিমা খাতুনের ঠাঁই হয় ছোট্ট একটি কক্ষে। ১৯ বছর ধরে ওই কক্ষেই বাস করছেন রহিমা। তাঁর চার ছেলে ও মেয়ে আলাদা থাকে। বর্তমানে রহিমার নাতি-নাতনি ১১ জন। ১৯টি বছর এ দেশে কাটলেও এখনো স্বদেশে ফেরার আশায় অপেক্ষার প্রহর গুনছেন তিনি। রহিমা খাতুন বলেন, ‘সামরিক শাসন আসার পর মিয়ানমারে যখন-তখন মুসলিমদের ওপর নির্যাতন চালানো হতো। সে নির্যাতন সইতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসি।’ তাঁর জিজ্ঞাসা, ‘সারা জীবন কী উদ্বাস্তু হয়েই কাটাতে হবে আমাদের!’ একই শিবিরে অবস্থান নেওয়া স্কুলশিক্ষক জলিল আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বদেশ ফেলে কেউ কি দেউলিয়া হতে চায়! এখানে আশ্রয় নেওয়ার পর থেকে চাল, ডাল, তেল, জ্বালানি ও শীতের কম্বলসহ সবকিছুই বিনা মূল্যে পাওয়া যাচ্ছে। কিন্তু এতে সুখ নেই। ফেলে আসা ভিটেবাড়ির জন্য মায়া হয়।’ কক্সবাজারে জাতিসংঘ উদ্বাস্তুবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) সূত্র জানায়, ১৯৯০ সালের নভেম্বরের শুরুতেই নাফ নদী অতিক্রম করে টেকনাফে ও উখিয়া উপজেলার সীমান্ত দিয়ে মিয়ানমারের দুই লাখ ৫০ হাজার ৮৭৭ রোহিঙ্গা নয়াপাড়া ও উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। ১৯৯২ থেকে ২০০১ সালের মধ্যে দুই লাখের বেশি শরণার্থী মিয়ানমারে ফিরে যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নয়াপাড়া ও কুতুপালং শরণার্থী শিবিরে প্রায় ২৬ হাজার ৮৭৪ জন রোহিঙ্গা বসবাস করছে। অপরদিকে, টেকনাফের লেদা গ্রামে গড়ে ওঠা অস্থায়ী বস্তিতে প্রায় ১৮ হাজার ও উখিয়া টিভি সম্প্রচার কেন্দ্রসংলগ্ন পাহাড়ে ৫৫ হাজারের মতো অনুপ্রবেশকারী বাস করছে। লেদা গ্রামে অস্থায়ী শিবির ও নয়াপাড়া শিবির ঘুরে দেখা যায়, শরণার্থীরা চরম অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করছে। ১০ ফুট দীর্ঘ আর আট ফুট প্রস্থের একেকটি কক্ষে ১০-১৫ জনকে থাকতে হয়। বাঁশের বেড়া ও বাঁশের চালার ওপর পলিথিন দিয়ে ঢাকা, আর মেঝে মাটির। প্রবল বর্ষণের সময় পলিথিন ছিঁড়ে বেশির ভাগ ঘরের মেঝেতে পানি জমে যায়। আর সেই কাদা-ময়লাযুক্ত পরিবেশে থাকতে গিয়ে শিশু-কিশোরেরা অসুস্থ হয়ে পড়ছে। বিশুদ্ধ পানির জন্য শরণার্থী শিবিরগুলোতে চলে হাহাকার।নয়াপাড়া ও কুতুপালং শিবিরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার ও ফজলে রাব্বি বলেন, ‘এ ক্যাম্পগুলোতে অবস্থানকারী রোহিঙ্গাদের সরকারিভাবে বরাদ্দ দেওয়া পণ্যসামগ্রী ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন ধরনের দায়িত্বে রয়েছি। বর্তমানে শিবিরগুলোতে বহিরাগতদের আনাগোনা দেখা যাচ্ছে। আগে রোহিঙ্গাদের বাইরে যাওয়ার নিয়ম ছিল না।’ কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. ফিরোজ সালাউদ্দিন বলেন, সর্বশেষ ২০০৫ সালের ৫ মে এক পরিবারের দুজনসহ ৯২ জন শরণার্থী স্বদেশে ফিরে যাওয়ার পর প্রত্যাবাসন বন্ধ হয়ে যায়। মিয়ানমারের সরকার রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না। জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো শরণার্থী নিজ দেশে ফিরে যেতে না চাইলে তাকে জোর করে ফেরত পাঠানো যায় না। কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, টেকনাফ ও উখিয়ার এ দুটি শিবিরে ২৬ হাজার ৮৭৪ জন শরণার্থী ছাড়াও জেলার বিভিন্ন স্থানে আরও অতিরিক্ত লক্ষাধিক রোহিঙ্গা রয়েছে। এদের প্রতিরোধ করতে সামাজিক আন্দোলন গড়ে উঠছে এবং এদের অপকর্মে পুরো জেলার আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে।